শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব, কার হাতে উঠল কোন পুরস্কার

· Prothom Alo

ইতালির ভেনিসে শেষ হলো ৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের সবচেয়ে বড় পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘ওম্যান আননোন’। ছবিটির অভিনেত্রী ম্যাথিল্ড আরসেল একই সঙ্গে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আর মার্টিন ম্যাকডোনার নির্মিত ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা জন মালকোভিচ।

Visit mchezo.life for more information.

বাংলাদেশ সময় দিবাগত রাত একটার দিকে শেষ হয় পুরস্কার ঘোষণা।
এবারের উৎসবে রাজনৈতিক ও মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত ছবিগুলোও ছিল আলোচনার কেন্দ্রে। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। উৎসবে ছবিটির প্রদর্শনী শেষ হওয়ার পর দর্শকেরা টানা ২৫ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। গাজা সংঘাত নিয়ে নির্মিত তথ্যচিত্রটির এই অভূতপূর্ব প্রতিক্রিয়া এবারের ভেনিসের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।

‘ওম্যান আননোন’-এর গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে। ছবিতে ম্যাথিল্ড আরসেল অভিনয় করেছেন মারি নামের এক তরুণীর চরিত্রে। তিনি একজন ধনী, বয়সে বড় পুরুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। ধীরে ধীরে সেই পুরুষের সঙ্গে তাঁর বিয়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মারির অতীতের একটি গোপন সত্য তাঁর নতুন করে গড়ে তোলা জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। যুদ্ধ-পরবর্তী ডেনমার্কের সমাজ, শ্রেণিবৈষম্য, নারীর অবস্থান এবং অতীতের ছায়াকে মিলিয়ে নির্মাতা মে এল-তুখি তৈরি করেছেন ছবিটি।

ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া ম্যাথিল্ড আরসেলের জন্য স্বীকৃতিটি আরও বিশেষ। কারণ, ‘উইম্যান আননোন’ তাঁর প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের ছবি। এর আগে তিনি বড় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেননি। পুরস্কার পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, এটি তাঁর প্রথম প্রধান চরিত্র এবং প্রথম চলচ্চিত্র উৎসব। তাই ভেনিসে এসে বিশ্বের সেরা নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে একই জায়গায় থাকার বিষয়টি তাঁর কাছে অত্যন্ত সম্মানের।
নির্মাতা মে এল-তুখির জন্যও ‘গোল্ডেন লায়ন’ জয় সহজ কোনো যাত্রার ফল নয়। ছবিটি নির্মাণ করতে এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন তিনি। নিজের সঞ্চয়ের অর্থও ছবিটির পেছনে ব্যয় করেছেন।

তবে এবারের উৎসবে সবচেয়ে তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ‘নাজা’। ‘নো আদার ল্যান্ড’ ছবির নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের তথ্যচিত্রটি গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে ২৪ জন ইসরায়েলি সামরিক কর্মকর্তার সাক্ষ্য তুলে ধরা হয়েছে। তাঁরা গাজায় বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা ও হত্যার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত কথিত ব্যবস্থা ও প্রটোকল সম্পর্কে বক্তব্য দিয়েছেন। ছবির নাম ‘নাজা’ এসেছে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত একটি সংক্ষিপ্ত শব্দ থেকে, যা বেসামরিক হতাহতের হিসাব বোঝাতে ব্যবহৃত হয়।

অন্যদিকে জন মালকোভিচের পুরস্কার ছিল এবারের উৎসবের সবচেয়ে বড় অভিনয়-স্বীকৃতিগুলোর একটি। ৭২ বছর বয়সী এই অভিনেতা ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ অভিনয় করেছেন একজন প্রবীণ সিআইএ এজেন্টের চরিত্রে। মার্টিন ম্যাকডোনা পরিচালিত ছবিটি ষাটের দশকের চিলির পটভূমিতে তৈরি একটি অন্ধকার রসবোধের বন্ধুত্বের গল্প। এতে মালকোভিচের সহশিল্পী স্যাম রকওয়েল।

ভেনিসে ছবিটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সমালোচকদের মধ্যেও ছবিটি আলোচনায় ছিল। মালকোভিচের অভিনয়ে একই সঙ্গে তীক্ষ্ণতা ও আবেগের উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মালকোভিচ অবশ্য নিজে পুরস্কার নিতে ভেনিসে উপস্থিত ছিলেন না। অন্য একটি ছবির শুটিংয়ে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে। ভিডিও বার্তায় পুরস্কার পাওয়ার জন্য জুরিকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে পরিচালক মার্টিন ম্যাকডোনা এবং সহশিল্পী স্যাম রকওয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার জন্য ম্যাকডোনার প্রশংসাও করেন তিনি।

মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’।

সেরা পরিচালকের সিলভার লায়ন পেয়েছেন ইলিয়া ক্রঝানভস্কি, ‘দাও’ ছবির জন্য। সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ‘আ গুড লিটল সোলজার’-এর স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্সের হাতে। তরুণ অভিনয়শিল্পীর জন্য দেওয়া মারচেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন ‘আ প্লেস টু হিল’-এর মালু খেবিজি।
প্রথম ছবি নির্মাতার জন্য দেওয়া লুইজি দে লরেন্তিস পুরস্কার পেয়েছে অগুস্ত বার্নার কুয়েমো ইয়াংহুর ‘হাউস অব দ্য উইন্ড’। দর্শকদের ভোটে আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে আলিনা শেরবানের ‘আই ম্যাটার’।
এবারের ভেনিসে আজীবন সম্মাননা পেয়েছেন জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন। ২ সেপ্টেম্বর শুরু হয়েছিল ভেনিস উৎসব। পুরস্কার প্রদানের মধ্য দিয়ে পর্দা নামল পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের।
দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে

Read full story at source