দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক
· Prothom Alo

বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল। তিনি গতকাল শনিবার সকালে একটি পাড়ায় যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁর হদিস পাওয়া যায়নি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমা জানিয়েছেন।
Visit grenadier.co.za for more information.
গতকাল শনিবার অফিস বন্ধ থাকলেও পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়ায় সমিতির কিস্তি আদায়ের কথা বলে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল অফিসের মোটরসাইকেল নিয়ে বের হন। অফিসের হিসাবরক্ষক মো. রবিউল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাঁর কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে মৃত্যুঞ্জয় আলেচুপাড়ায় যাবে বলে বের হন। সন্ধ্যায় তাঁর স্ত্রী খোঁজখবর নিতে এসে মৃত্যুঞ্জয় ফিরে না আসার বিষয়টি জানতে পারেন। মৃত্যুঞ্জয় প্রায় সময় সমিতি গঠন ও কিস্তি আদায়ের জন্য দুর্গম এলাকায় যান। কোনো সময় সমস্যা হয়নি। এ জন্য ছুটির দিনে অফিসের কেউ তাঁর খোঁজ নেয়নি। নিখোঁজ মৃত্যুঞ্জয়ের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঝিনুকাঠি আমাদি গ্রামে। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল। বদলি হয়ে আসার পর থেকে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে রুমায় থাকেন বলে অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা জানিয়েছেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া জানান, মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিখোঁজের ঘটনায় একটি ডায়েরি করা হয়েছে। তাঁকে মুঠোফোন অনুসন্ধানে গতকাল দুপুর পর্যন্ত কুক্ষ্যংঝিরি এলাকায় পাওয়া গেছে এবং তাঁকে বিকেলে মুরুংবাজারে দেখা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মোটরসাইকেলটি কুক্ষ্যংঝিরি বাজার থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর সন্ধানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করছে।