বিনিয়োগ বাড়াতে দুই বছরের জ্বালানি পথনকশা চান মার্কিন ব্যবসায়ীরা

· Prothom Alo

দেশে বিনিয়োগ বাড়াতে আগামী দুই বছরের জন্য জ্বালানিবিষয়ক সুস্পষ্ট পথনকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন দেশে কাজ করা মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, এই পথনকশায় প্রতি ছয় মাসে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, মেধাস্বত্বের সুরক্ষা ও সাইবার নিরাপত্তায় মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা। বলেছেন, কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্ব দিতে হবে।

Visit asg-reflektory.pl for more information.

গত শনিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা জানান অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। স্বাগত বক্তব্যে তিনি অ্যামচেমের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক নেতাদের অবদানের কথা স্মরণ করেন।

সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, সরকার অ্যামচেম ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অভিজ্ঞতা, প্রযুক্তি, জ্ঞান ও সক্ষমতা আরও সক্রিয়ভাবে কাজে লাগাতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, অ্যামচেমের কাঙ্ক্ষিত বিনিয়োগ যেন কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত হয়, সেদিকে নজর দেবে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বিলিয়ন ডলারের এফডিআই আনতে অ্যামচেমের উদ্যোগের পাশে থাকবে সরকার।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ৩০ বছর ধরে অ্যামচেম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করেছে। পারস্পরিক বাণিজ্যচুক্তির (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড) আওতায় বাংলাদেশ তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে আগামী দিনে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অ্যামচেমের সহসভাপতি ও মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ বিভিন্ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘অ্যামচেম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দেন।

সমাপনী বক্তব্যে অ্যামচেম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া টাইটানিয়াম পার্টনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ অংশীজনদের ধন্যবাদ জানান। বক্তব্য শেষ হলে সেখানে ‘৩০ ইয়ার্স ইন ৩০ মিনিটস: দ্য লাইভ টাইম জার্নি’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা হয়।

Read full story at source