ইউল্যাবে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
· Prothom Alo
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল–২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি।
Visit freshyourfeel.org for more information.
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মিচেল লি বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ কাজে লাগানো, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিকশিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া বকুল ফুলের বীজসমৃদ্ধ সিড বক্স-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের ব্যক্তিগত বিকাশ ও রূপান্তরের প্রতীক হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা বীজগুলো যত্নের সঙ্গে রোপণ ও পরিচর্যা করে গাছের বেড়ে ওঠার সঙ্গে নিজেদের বিকাশের গল্পও ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন ইউল্যাবের নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের সহ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এবং বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাইসহ নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষ হয় ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে।