নাইকির স্নিকার্সের ট্রেন্ডি লুকে পোপ লিও এলেন ভ্যানিটি ফেয়ারের ‘বেস্ট ড্রেসড’-এর তালিকায়
· Prothom Alo

পোপের পোশাক বলতেই চোখের সামনে ভেসে ওঠে সাদা পোশাক, লাল জুতা আর শত বছরের ধর্মীয় ঐতিহ্য।কিন্তু পোপ লিও চতুর্দশ সেই চেনা ছবিতে যোগ করেছেন নিজের স্বতন্ত্র স্টাইলের ছোঁয়া।
Visit somethingsdifferent.biz for more information.
সাদা ক্যাসকের সঙ্গে নাইকির স্নিকার্স, হাতে পুরোনো ব্রিফকেস, কবজিতে সাদামাটা ঘড়ি আর কখনো পোপের টুপির ওপর শিকাগো হোয়াইট সক্সের বেসবল ক্যাপ। এমন অপ্রত্যাশিত স্টাইলেই ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছেন তিনি।
প্রায় এক দশক পর সেরা পোশাকের তালিকা প্রকাশ করেছে ভ্যানিটি ফেয়ার। সেখানে হলিউড তারকা ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের পাশাপাশি পোপ লিওর নাম থাকাটা নিঃসন্দেহে চমকপ্রদ। ৭০ বছর বয়সী এই পোপকে ম্যাগাজিনটি এমন একজন হিসেবে দেখেছে, যিনি পাপাল স্টাইলকে নিয়ে গেছেন ‘স্বর্গীয় উচ্চতায়’।
লিওর ফ্যাশন মুহূর্তটি অবশ্য তৈরি হয়েছিল তারও আগে। ২০২৫ সালের মে মাসে ভ্যাটিকানের তৈরি ''লিওন আ রোমা'' প্রামাণ্যচিত্রের একটি স্থিরচিত্রে দেখা যায়, সাদা ক্যাসকের সঙ্গে নাইকির জুতা পরে আছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি। পরে জানা যায়, তাঁর পায়ের জুতাটি সত্তরের দশকে বাজারে আসা নাইকির একটি পুরোনো টেনিস-ধাঁচের মডেল—এখন যা আর তৈরি হয় না। ব্যস, পোপের এই ‘রেট্রো স্নিকার’ মুহূর্তই হয়ে ওঠে ফ্যাশন দুনিয়ার আলোচনার বিষয়। কেউ কেউ মজা করে তাঁর স্টাইলের নামও দেন ‘হলি ড্রিপ’।
তবে লিওর স্টাইলের আকর্ষণ শুধু স্নিকার্সে নয়। ঐতিহ্যবাহী লাল পাপাল জুতার বদলে তিনি সাধারণ কালো অক্সফোর্ড জুতা পরতেই স্বচ্ছন্দ।
কবজিতে থাকে বন্ধ হয়ে যাওয়া সুইস ব্র্যান্ডের একটি কোয়ার্টজ ঘড়ি। সঙ্গে থাকে নিজের ব্যবহার করা পুরোনো ব্রিফকেস। ২০২৫ সালের জুনে সেন্ট পিটার্স স্কয়ারে সাধারণ দর্শনের সময় পোপের টুপির ওপর শিকাগো হোয়াইট সক্সের বেসবল ক্যাপ পরার দৃশ্যটিও তাই হয়ে উঠেছিল তাঁর ব্যক্তিগত স্টাইলের আরেকটি আলোচিত মুহূর্ত।
আনুষ্ঠানিক আয়োজনে অবশ্য লিও ফিরে যান পাপাল পোশাকের ঐতিহ্যে। সেসব বিশেষ মুহূর্তে তাঁর জন্য কাজ করেন ইতালীয় নকশাকার ফিলিপ্পো সরচিনেল্লি। বেনেডিক্ট ষোড়শ ও ফ্রান্সিসের ধর্মীয় আনুষ্ঠানিক পোশাকও তৈরি করেছেন তিনি।
ভ্যানিটি ফেয়ারের স্টাইল করেসপনডেন্ট হোসে ক্রিয়ালেস-উনসুয়েতার চোখে, পোপ লিওর পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাঁর স্টাইলে থাকা মার্কিন জীবনের সহজ-স্বাভাবিক ছাপ। শিকাগোতে জন্ম ও বেড়ে ওঠার সূত্রে তাঁর ব্যক্তিগত পছন্দে যেমন রয়েছে সাদামাটা অক্সফোর্ড জুতা, পুরোনো ঘড়ি ও ব্রিফকেস, তেমনি আছে স্পোর্টস সংস্কৃতির প্রতি আগ্রহ। আনুষ্ঠানিক পাপাল পোশাকের বাইরে এই ব্যক্তিগত স্টাইলই লিওকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
ভ্যানিটি ফেয়ারের তালিকায় তাঁকে রাখা হয়েছে ‘অরিজিনালস’ বিভাগে—যেখানে নিজস্ব ও স্বতন্ত্র পোশাকবোধের জন্য পরিচিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। একই তালিকায় আছেন চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি এবং সংগীতশিল্পী বিয়র্ক ও রোসালিয়াও।