ময়মনসিংহে বাড়ি থেকে ডেকে নিয়ে শিশুকে যৌন নির্যাতন ও হত্যা, কিশোর আটক
· Prothom Alo

ময়মনসিংহের নান্দাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে ছেলেশিশুকে যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
Visit chickenroad-game.rodeo for more information.
নিহত শিশুটি (৬) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। আটক কিশোরের (১৫) বাড়িও একই গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে জলপাই কুড়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোর। এরপর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই কিশোরকে জিজ্ঞাসা করা হলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে সে জানায়, তাদের বাড়ির টয়লেটের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী স্বজনেরা সেখানে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর শিশুটিকে তার বসতঘরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। সে চিৎকার করলে ঘরে থাকা শাবল দিয়ে তাকে আঘাত করে। এতে শিশুটি মারা যায়।
নান্দাইল মডেল থানার পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।