পলিথিনের ভেতর থেকে আসছিল কান্নার শব্দ, ৯৯৯-এ ফোন, উদ্ধার হলো নবজাতক
· Prothom Alo

রাজধানীর শাহ আলী থানার একটি সড়কের পাশে পড়ে ছিল কালো পলিথিনের একটি ব্যাগ। সেখান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না। পথচারীর চোখে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পলিথিনের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশু।
Visit asg-reflektory.pl for more information.
ঘটনাটি শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের। গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, নবজাতকটি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন। পুলিশের দুই সদস্য সার্বক্ষণিক নবজাতকটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।
শাহ আলী থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখা গেছে। এরপর সেখান থেকে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নিতে শাহ আলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহ আলী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, নবজাতকের অবস্থা সংকটাপন্ন ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।