শাসন করে চড় মেরেছিলেন ছেলেকে, ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
· Prothom Alo

রংপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পীরগাছা উপজেলার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Visit umafrika.club for more information.
নিহত মাহাবুর রহমান (৫৫) পীরগাছার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাসানুরের বিয়ে হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাকসাম গ্রামে। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তাঁর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের টানাপোড়েন চলছিল। অভিমান করে তিনি বাড়িতে খাওয়াদাওয়াও বন্ধ করে দেন।
গতকাল সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তবে হাসানুর তাঁদের ঘরে বসাতে ও আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পারিবারিক বাগ্বিতণ্ডা শুরু হয়। রাত নয়টার দিকে মাহাবুর ছেলেকে তাঁর শাশুড়িকে সঙ্গে নিয়ে খেতে বলেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ছেলেকে চড় মারেন তিনি। ক্ষুব্ধ হয়ে হাসানুর ঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে বাবার বুকে আঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত মাহাবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পলাতক হাসানুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।