২৭ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
· Prothom Alo

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, গ্রেপ্তার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।
এসআরবি-৬ ও এসআরবি-৮–এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জয়নাল খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে।
Visit casino-promo.biz for more information.
রোববার দুপুরে এসআরবি জানায়, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আটজন আসামি ছিলেন। তাঁদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি। মামলার পর থেকে জয়নাল আত্মগোপনে ছিলেন। হত্যা মামলায় জয়নালের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার জয়নালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নগরের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি।