অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়
· Prothom Alo

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা অভিনেতাদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি শুটিংয়ের পর সেই দৃশ্যের অপব্যবহার বা অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও বড় উদ্বেগের বিষয়। ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা বিজয় ভার্মা ও রাধিকা মদন সম্প্রতি এ নিয়েই কথা বলেছেন। তাঁদের মতে, এমন দৃশ্য করার সময় সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেই কাজ করতে হয়। তবে শুটিংয়ের মুহূর্তে দর্শকের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
Visit biznow.biz for more information.
‘নিউজ১৮’–কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, কোনো অন্তরঙ্গ দৃশ্যের ক্লিপ ফাঁস হয়ে গেলে তা অভিনেতার নিয়ন্ত্রণে থাকে না। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবারও কোনো অর্থ নেই। অভিনেতার বরং নিজের কাজ ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখা উচিত।
রাধিকা বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে এসব করবেন না। সত্যি বলতে, কিছুই করার নেই।’
অভিনেত্রীর মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় একজন শিল্পীকে মাথায় রাখতে হয় যে সেটি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি জেনেই দৃশ্যটিতে অভিনয় করতে হয় এবং আশা করতে হয়, এমন কিছু ঘটবে না।
রাধিকা আরও বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে তিনি সম্ভাব্য ঝুঁকির কথা ভাবেন। তবে শেষ পর্যন্ত নিজের কাজটিই ঠিকভাবে করার চেষ্টা করেন। ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
বিজয় ভার্মার অভিজ্ঞতাও কম নয়। ‘লাস্ট স্টোরিজ ২’–এ তৎকালীন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বিভিন্ন ওয়েবসাইটেও সেই দৃশ্যের ক্লিপ ছড়িয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই বিজয় জানেন, এমন দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়।
এ প্রসঙ্গে বিজয় বলেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতাকে দর্শকের দৃষ্টি থেকে নিজেকে মানসিকভাবে আলাদা করে নিতে হয়। তাঁর ভাষায়, ‘আমরা জানি, এসব ক্লিপ অনেক ছড়িয়ে পড়বে। এটাই এখনকার বাস্তবতা। কিছু বিষয় আপনি বদলাতে পারবেন না।’
বিজয়ের মতে, কিছু ক্লিপ অন্যগুলোর তুলনায় অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের অনলাইন পেজে ঘুরতে থাকে। কিন্তু শুটিংয়ের সময় এসব চিন্তা মাথায় রাখলে তিনি নিজের কাজটাই ঠিকভাবে করতে পারবেন না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার এবং সীমা ভাঙার জন্য তাই তাঁকে এসব ভয়কে পেছনে রাখতে হয়।
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় নিয়ে এর আগে কথা বলেছেন অভিনেত্রী রাধিকা আপতেও। ২০১৬ সালের ‘পার্চড’ ছবিতে তাঁর নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি কীভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
রাধিকা আপতে বলেছিলেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর তিনি বুঝতে পারেন, পরিচিত–অপরিচিত প্রায় সবাই সেটি দেখে ফেলেছেন। সেই সময় তিনি একাই থাকতেন। ফলে বিষয়টি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ফাঁস হওয়ার পর কয়েক দিন তিনি বাড়ি থেকেই বের হতে পারেননি। কারণ, বিষয়টি খুব দ্রুত ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তে পারে। এমনকি তাঁর বাড়ির নিরাপত্তাকর্মী ও পরিচিত ব্যক্তিদের চালকেরাও সেই ভিডিও দেখেছিলেন। একজন স্টাইলিস্ট তাঁকে জানিয়েছিলেন, তাঁর চালক ভিডিওটি বারবার দেখছিলেন এবং জানতে চাইছিলেন, তিনি রাধিকার বাড়িতে যাচ্ছেন কি না।
রাধিকা আপতের সেই অভিজ্ঞতা দেখিয়ে দেয়, পর্দায় অভিনয় করা একটি অন্তরঙ্গ দৃশ্য কীভাবে পর্দার বাইরেও একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। আর রাধিকা মদন ও বিজয় ভার্মার বক্তব্য সামনে আনছে অন্য একটি বাস্তবতা—অভিনেতারা ঝুঁকির কথা জানলেও কাজের সময় তাঁদের সেই ভয়কে দূরে সরিয়ে রাখতে হয়।
‘লাস্ট স্টোরিজ ৩’–এ ভালোবাসা, যৌনতা, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ছবিটির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। অভিনয়ে আছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি, কঙ্কনা সেন শর্মাসহ আরও অনেকে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে