ঈশ্বরগঞ্জ থানায় কাভার্ড ভ্যান দিলেন সংসদ সদস্য মাজেদ
· Prothom Alo

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা–পুলিশকে একটি কাভার্ড ভ্যান উপহার দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানায় বর্তমানে দুটি গাড়ি রয়েছে। এর একটি ওসির কাজে এবং অন্যটি পুলিশের নিয়মিত দায়িত্ব পালনে ব্যবহার করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় টহল, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে এসব গাড়ি ব্যবহৃত হয়। একই সময়ে একাধিক এলাকায় অভিযান বা জরুরি দায়িত্ব পড়লে গাড়ির সংকট দেখা দিত। তখন পুলিশ সদস্যদের ঘটনাস্থলে যেতে কখনো কখনো সিএনজি অটোরিকশা ভাড়া করতে হয়। নতুন কাভার্ড ভ্যান যুক্ত হওয়ায় পরিবহনসংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Visit aportal.club for more information.
প্রায় ২৮৬ বর্গকিলোমিটার আয়তনের ঈশ্বরগঞ্জ উপজেলায় চার লাখের বেশি মানুষের বসবাস। এত বড় এলাকায় সীমিত যানবাহন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে বাড়তি চাপের মুখে পড়তে হতো বলে জানান ওসি মো. সাজ্জাদ রোমন। তিনি বলেন, নতুন গাড়িটি পাওয়ায় একই সময়ে একাধিক এলাকায় পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। এতে থানার পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।
ময়মনসিংহ-৮ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জ থানার যানবাহনের প্রয়োজনের কথা বিবেচনা করে কাভার্ড ভ্যানটি দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গাড়িটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।