রাসুল (সা.)–এর শান, মান ও মর্যাদা রক্ষা করতে হবে: হেফাজতে ইসলামের মহাসচিব
· Prothom Alo

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ‘রাসুল (সা.)–এর শান, মান ও মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তাঁর শানের প্রতি আমাদের ইমান আনতে হবে। কওমি মাদ্রাসা যত দিন থাকবে, তত দিন এ দেশের মাটিতে রাসুলকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না৷’
আজ শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে হেফাজতে ইসলামের আয়োজনে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Visit freshyourfeel.com for more information.
হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা হিজাব নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেছেন। তাঁকে শুধু কার্যক্রম থেকে বিরত রাখলে হবে না। স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।’
হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারীর মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এ ছাড়া মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ বয়ান করেন।
সম্মেলনে ফেনীও আশপাশের জেলার সহস্রাধিক ধর্মপ্রাণ জনতা অংশগ্রহণ করেন।