কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত
· Prothom Alo

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Visit raccoongame.org for more information.
নিহত দম্পতি হলেন উপজেলার জিংলাতলী গ্রামের দিনমজুর নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫৫)।
জিংলাতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, নজির মিয়ার গ্রাম থেকে তাঁর শ্বশুরবাড়ি প্রায় দেড় কিলোমিটার। আজ সকালে স্ত্রীর সঙ্গে হেঁটে হরিপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে আছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর দুটি লাশ বাড়ি নিয়ে যান স্বজনেরা। দাফনের প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ গিয়ে দুটি লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে।