পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম থেকে দুই কোচের আইফোন চুরি

· Prothom Alo

নারী হ্যান্ডবলের আন্তর্জাতিক প্রতিযোগিতা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি শুরু হচ্ছে আগামীকাল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

Visit tr-sport.bond for more information.

এর মধ্যেই আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে জাতীয় নারী দলের অনুশীলনের সময় চুরি হয়ে গেছে দুই কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও ডালিয়া আক্তারের দুটি আইফোন। ফোনের সঙ্গে স্প্যানিশ কোচ আলোনসোর ক্রেডিট কার্ডও খোয়া গেছে।

অনুশীলনের সময় দুই কোচের ফোন রাখা ছিল হ্যান্ডবল কোর্টের পাশের একটি টেবিলে। বিকেলের দিকে নিজের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি প্রথম বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা আলোনসোর ফোনটিও নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠিক আগে ফোন চুরির এ ঘটনায় অস্বস্তির মধ্যে পড়েছে আয়োজক হ্যান্ডবল ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ অবশ্য জানিয়েছেন, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘কোচদের মোবাইল যে নিয়েছে, তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। এরই মধ্যে তার হদিসও পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুতই ভালো খবর পাব।’

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন পরিচালনা করছেন স্প্যানিশ কোচ আলোনসো

আগামীকাল একই স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনের আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। ১৮ থেকে ২২ অক্টোবরের এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, নেপাল ও মালদ্বীপ।

বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে, রোববার বেলা ২টায়। পরদিন ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিকেরা। ২০ অক্টোবর একই সময়ে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। লিগ পর্ব শেষে ২১ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, আর ২২ অক্টোবর ফাইনাল।

Read full story at source