ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি
· Prothom Alo

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার ও জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দেবেন। কমিটিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি মূল তদারকি কমিটিও গঠন করা হবে।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার জলাবদ্ধতা নিরসন ও মশকনিধনে দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্যে সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Visit extonnews.click for more information.
ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুই সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক একটি করে বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি থাকবে।
জোনভিত্তিক এসব কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা মহানগর পুলিশ এবং সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিক্যাল শাখার প্রতিনিধিরা থাকবেন। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও যুক্ত থাকবেন। কমিটির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখারও সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নেতৃত্বাধীন মূল তদারকি কমিটিতে থাকবেন স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং এ বিভাগের যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসব কমিটি সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ জোরদার করার পাশাপাশি মশকনিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।