ইতিহাসের সবচেয়ে বড় একীভূতকরণের পথে স্পেসএক্স ও টেসলা
· Prothom Alo

নিজের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাকে একীভূত করে নতুন প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রায় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলার বাজারমূল্যের একটি বিশাল করপোরেট প্রতিষ্ঠানের জন্ম হবে। ফলে ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট একীভূতকরণ হবে এটি।
Visit tr-sport.bond for more information.
ইলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স ও টেসলার একীভূত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিষ্ঠান দুটির কাজের মধ্যে সমন্বয়ের সুযোগ থাকায় তিনি এই উদ্যোগকে সম্ভাবনাময় মনে করছেন। তবে একীভূতকরণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রস্তাবে পৌঁছাতে পারেনি কমিটিগুলো। দুটি প্রতিষ্ঠানকে একীভূতকরণের প্রস্তাব অনুমোদনের জন্য টেসলার শেয়ারহোল্ডারদের অন্তত ৫০ শতাংশের সমর্থন প্রয়োজন হবে। তাই দুটি প্রতিষ্ঠানের একীভূতকরণ নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
এ বিষয়ে মাস্ক বলেন, ‘অনেকে মনে করছেন, স্পেসএক্স ও টেসলার একীভূতকরণ নিশ্চিত। আমার মনে হয়, বিষয়টিকে এভাবে দেখা বাড়াবাড়ি হবে। আমি মনে করি, এটি ভালো সিদ্ধান্ত হবে। তবে শেষ পর্যন্ত শেয়ারহোল্ডারদের সমর্থন থাকতে হবে।’
স্পেসএক্স ও টেসলা একীভূত হলে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট একীভূতকরণ। গত ফেব্রুয়ারিতে স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআইয়ের মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি ডলারের একীভূতকরণ হয়েছিল। নতুন এই উদ্যোগের আর্থিক পরিসর হবে তার চেয়েও অনেক বড়। বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর তালিকায় স্পেসএক্সের অবস্থান সপ্তম এবং টেসলার ১১তম। প্রতিষ্ঠান দুটির সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের একীভূতকরণ ও অধিগ্রহণ বিশেষজ্ঞ জেরায়ার হালেব্লিয়ান জানান, স্পেসএক্স ও টেসলাকে একীভূত করার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। দুটি প্রতিষ্ঠানেরই মূল শক্তি উন্নত উৎপাদনপ্রযুক্তি। প্রযুক্তি বিনিময়ের দিক থেকে প্রতিষ্ঠান দুটির মধ্যে তথ্য আদান-প্রদানের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা রয়েছে প্রতিষ্ঠান দুটির। একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি ও অভিজ্ঞতা অন্যটির ব্যবসায় কাজে লাগানো সম্ভব। ফলে একীভূত হলে উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
স্পেসএক্স ও টেসলার একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে মাস্কের মন্তব্যের পর শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। লেনদেন-পরবর্তী সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে টেসলার শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
গত জুনে ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্পেসএক্স। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৪৪০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ১০৫ কোটি ডলার লোকসান করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান কাটিয়ে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: আল–জাজিরা