নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

· Prothom Alo

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তাঁর মতে, আরব দলগুলোকে হিসাবে ধরলে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৬৫।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে। ব্যস।’ তিনি নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

Visit betsport24.es for more information.

গোলান আরও বলেন, নেতানিয়াহু যদি জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী) জোট গড়ার কথা ভাবেন, তাহলে ‘তাঁর নিজের জোট থেকে জায়নবাদী নয়, এমন কট্টর ধর্মীয় ইহুদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে’।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধী শিবিরের সম্ভাব্য নেতা গাদি আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।

গোলান লেখেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গড়ার সুযোগও আছে। এই সরকার ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে।’

ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন বুধবার বলেন, নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাবারিন লিখেছেন, ‘রক্তপাতের সরকার এবং আধিপত্য, বর্ণবাদ ও বর্জনের রাজনীতির বিপরীতে আমরা সম্পূর্ণ ভিন্ন বিকল্প তুলে ধরছি।’

জাবারিন আরও লেখেন, ‘ইহুদি–আরব অংশীদারত্বের মধ্য দিয়েই পরিবর্তন আসবে। সেই অংশীদারত্ব হতে হবে প্রকৃত ও সমমর্যাদার। এর চেয়ে কমও নয়, বেশিও নয়।’
পরে ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত বেতারমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী শিবিরের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দেন জয়েন্ট লিস্টের সংসদীয় নেতা ও হাদাশ–তাআল জোটের আইনপ্রণেতা আহমাদ তিবি। তিনি বলেন, ‘সাহস থাকলে বিরোধী জোট সরকার গঠন করতে পারবে। আমরা হাত বাড়িয়ে দিচ্ছি। সহায়তা করতে প্রস্তুত আছি।’

রাজনৈতিক বাস্তবতা বদলেছে: কারিভ

ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেছেন, গত মঙ্গলবারের নেসেট নির্বাচনের পর ইসরায়েল এক ‘ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়’ প্রবেশ করেছে। বুধবার সকালে তিনি আরব দলগুলোর সঙ্গে কাজ করতে বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।

এক্সে কারিভ লিখেছেন, ‘পুরোপুরি ডানপন্থী দলগুলোকে নিয়ে গড়া জোট বেশ কিছু আসন হারিয়েছে। একই কাঠামোয় তাদের আবার সরকার গঠনের সম্ভাবনা খুব কম।’
কারিভ আরও লেখেন, ‘উদারপন্থী ইহুদি জনগোষ্ঠী ও আরব জনগোষ্ঠী—উভয় ক্ষেত্রেই বিরোধীদের প্রতিনিধিত্ব বেড়েছে। কয়েক লাখ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ভোটার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দিয়েছেন।’

কারিভ বলেন, ‘ইসরায়েলের জনগণের বড় একটি অংশ দেশের সেবা করেন, কাজ করেন, অবদান রাখেন ও সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন। তাঁরা আশা করছেন, আমরা ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। একসঙ্গে কাজ করে যাব।

আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে, গত চার বছরে নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা দেশকে যে ধ্বংসাত্মক পথে নিয়ে গেছেন, সেই পথে তাঁদের আর দেশকে চালাতে দেওয়া যাবে না।’

Read full story at source