ওয়ান শোল্ডার পার্টিওয়্যারে টালি সুন্দরীর নতুন ঝলক

· Prothom Alo

টালিউডের ফ্যাশনিস্তা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ফ্যাশনসচেতনতার কারণেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছে তাঁর স্টাইল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে ঝলমলে পার্টিওয়্যারে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

Visit playerbros.org for more information.

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে ঝলমলে পার্টির সাজে ধরা দিয়েছেন টালি সুন্দরী শ্রাবন্তী। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’

শ্রাবন্তী ফ্রেমবন্দী হয়েছেন ওয়ান শোল্ডার পোশাকে। অ্যাসিমেট্রিক নকশার কালো পোশাকটির ওপরের অংশজুড়ে আছে সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক সিকুইন ও বিডসের প্যাচওয়ার্ক।

কোথাও জ্যামিতিক, কোথাও আঁকাবাঁকা রেখার মতো নকশায় সাজানো এই কারুকাজ পোশাকে এনেছে ঝলমলে আভিজাত্য। এক কাঁধ ঢাকা, অন্য কাঁধ খোলা রাখার ডিজাইন যোগ করেছে আলাদা আবেদন।

জুটি হয়েছে কালো লম্বা স্কার্ট। এর এক পাশে ঝুলছে ট্যাসেল, যা পুরো পোশাকে এনেছে ভিন্ন মাত্রা।

গয়নার নির্বাচনেও ছিল নজরকাড়া আয়োজন। কানে পরেছেন পাথর বসানো ঝুলন্ত দুল। হাতে সোনালি ব্রেসলেট ও ঘড়ি। আঙুলে শোভা পাচ্ছে বাহারি আংটি। গয়নার ঝলমলে উপস্থিতি পোশাকের কারুকাজের সঙ্গে বেশ মানিয়েছে।

শ্রাবন্তীর চুলের সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া। হাফ আপডু স্টাইলে পেছনে বেঁধেছেন লম্বা চুল, বাকিটা রেখেছেন খোলা। মেকআপে চোখের সাজই বেশি আকর্ষণ কাড়ছে। লেন্স পরা চোখে আইলাইনার ও কাজলের স্মোকি ছোঁয়া ফুটে উঠেছে। নিখুঁত করে আঁকা ভ্রু, গালে হালকা ব্লাশ এবং ঠোঁটে ন্যুড ব্রাউন গ্লসি লিপ কালারে সাজ পূর্ণ করেছেন তিনি।

অভিনয়জগতে শ্রাবন্তীর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের জায়গা তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনেও নানা চড়াই–উতরাই পেরিয়েছেন এই অভিনেত্রী। ১৬ বছর বয়সে প্রথম বিয়ের পর আরও দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রতিবারই পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন। তবে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের বাইরেও নিজের ফ্যাশন ও উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কাড়তে জানেন শ্রাবন্তী। সাম্প্রতিক ছবিগুলোয়ও তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি আর ঝলমলে সাজের মধ্য দিয়ে সেটিই যেন আবারও প্রমাণিত হয়েছে।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source