গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের

· Prothom Alo

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ সরকার তাঁদের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

Visit tr-sport.bond for more information.

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহসংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সমস্যায় পোশাকশিল্পের মালিকেরাও এখন তীব্র চাপে রয়েছেন। ফলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের দাবির ন্যায্য সমাধানের দায়িত্ব সরকারের।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ জন্য তিনি নগদ অর্থসহায়তা দেওয়া অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ ও রান্নার জ্বালানি শ্রমিকদের মধ্যে সরবরাহের পরামর্শ দেন।

Read full story at source