স্বপ্নের শুরু চিলমারী থেকে, সীমানা গোটা পৃথিবী
· Prothom Alo

চিলমারীতে বসে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখি আমি। শুনতে অবাস্তব মনে হতে পারে। কিন্তু প্রযুক্তির এই সময়ে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের কাজ করা যখন সম্ভব, তখন কুড়িগ্রামের তরুণ হয়ে কেন বিশ্বজয়ের স্বপ্ন দেখব না? কেন আমার জেলার মেধাবী তরুণদের সম্ভাবনা বেকারত্বের কাছে হার মানবে?
আমার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার মণ্ডলপাড়ায়। চিলমারী সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়ি। বাবা রুহুল আমিন জিয়া একজন ব্যবসায়ী, মা মোছা. শাপলা সরকার গৃহিণী। পড়াশোনার পাশাপাশি যুক্ত আছি চিলমারীর ‘পণ্ডিত বইমেলা’ উদ্যাপন কমিটির কিশোর সংগঠক হিসেবে। বই পড়ি, মানুষকে জানি, চারপাশ দেখি। ভাবি, আমার প্রজন্ম কেমন বাংলাদেশ চায়, কেমন পৃথিবীতে বাঁচতে চায়।
Visit asg-reflektory.pl for more information.
আমি জেন–জি প্রজন্মের একজন। আমাদের স্বপ্ন শুধু একটি চাকরি পাওয়া কিংবা একটু ভালোভাবে বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা এমন একটি দেশ চাই, যেখানে তরুণদের কথা শোনা হবে, মেধার মূল্যায়ন হবে, আর পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে কাউকে পিছিয়ে পড়তে হবে না। আমার স্বপ্নের শুরু চিলমারী থেকে, কিন্তু এর সীমানা গোটা পৃথিবী।
আমার স্বপ্নের শুরু চিলমারী থেকে। একদিন এই জনপদের তরুণেরাও হয়তো বিশ্বমানের গবেষণায় অবদান রাখবেন, মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় যুক্ত হবেন।
জুলাই অভিজ্ঞতা বদলে দিয়েছে ভাবনা
২০২৪ সালের জুলাই-আগস্ট আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলাম। পরে আন্দোলনের চিলমারী উপজেলা সমন্বয়কের দায়িত্বও পালন করেছি। সেই দিনগুলোর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, পরিবর্তন শুধু চাওয়ার বিষয় নয়, পরিবর্তনের জন্য দাঁড়াতেও হয়।
শেখ হাসিনার সরকারের পতন আমাদের দেখিয়েছে, ক্ষমতা যত শক্তিশালীই হোক, জনগণের সম্মিলিত শক্তিকে উপেক্ষা করা যায় না। একটা সময় মনে করা হতো, রাজনীতি বয়স্কদের বিষয়। নেতৃত্বও যেন নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর জন্য সংরক্ষিত। আমরা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছি।
নেপালসহ বিভিন্ন দেশের তরুণদের আন্দোলনও আমাদের ভাবায়। আমরা বুঝতে শিখেছি, রাজনীতি থেকে দূরে থাকলে নিজেদের ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দেওয়া হয়। আমরা এমন রাজনীতি চাই, যেখানে ক্ষমতা হবে মানুষের সেবা করার দায়িত্ব, ব্যক্তিগত সম্পদ নয়। ভিন্নমত প্রকাশের কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে না, রাজনৈতিক বিরোধের কারণে প্রাণ দিতে হবে না। আমার বিশ্বাস, তরুণেরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিলে সমাজ বদলের সুযোগ বাড়বে।
আমরা এমন একটি দেশ চাই, যেখানে তরুণদের কথা শোনা হবে, মেধার মূল্যায়ন হবে, আর পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে কাউকে পিছিয়ে পড়তে হবে না। আমার স্বপ্নের শুরু চিলমারী থেকে, কিন্তু এর সীমানা গোটা পৃথিবী।
চাকরি নয়, কাজের পৃথিবী চাই
আমাদের সমাজে পড়াশোনা শেষে সরকারি চাকরি পাওয়াকে সাফল্যের বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সাফল্যের পথ শুধু একটি নিয়োগপত্রে আটকে থাকা উচিত নয়। কুড়িগ্রামের অনেক তরুণ চাকরির অপেক্ষায় থাকেন। চিলমারীতে কাজের অভাবও কাটেনি। কেউ কাজের খোঁজে ঢাকায় যান, কেউ পাড়ি জমান বিদেশে।
আমি এমন পৃথিবী চাই, যেখানে চিলমারীতে বসেই কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করবেন, কেউ হয়তো নাসার সঙ্গে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার স্বপ্ন বাস্তবায়নের পথে এগোবেন। এ জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দ্রুতগতির ইন্টারনেট ও গবেষণার সুযোগ।
আমরা শুধু চাকরি খুঁজব না, চাকরি তৈরির উদ্যোগও নেব। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নদীভাঙন মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ এবং স্থানীয় সম্পদকে ঘিরে নতুন শিল্প গড়ে তোলার মাধ্যমে কুড়িগ্রামের অর্থনীতিও বদলে দেওয়া সম্ভব। স্থানীয় সমস্যার সমাধান খুঁজতে স্থানীয় তরুণেরাই হয়ে উঠতে পারেন উদ্যোক্তা ও উদ্ভাবক।
চিলমারী নদীবন্দর ঘিরে স্বপ্ন
চিলমারী নদীবন্দর ঘিরে একসময় বাণিজ্যের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আমি চাই আধুনিক পরিকল্পনা ও অবকাঠামোর মাধ্যমে তা কাজে লাগানো হোক। নদীপথে পণ্য পরিবহন বাড়ুক, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হোক। বন্দরের কার্যক্রম বাড়লে গড়ে উঠতে পারে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহনসেবা ও শিল্পকারখানা।
লালমনিরহাট বিমানবন্দর চালু করা গেলে এবং সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নত হলে উত্তরাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়তে পারে। ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরকে কার্যকরভাবে কাজে লাগিয়ে ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সুযোগও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কুড়িগ্রাম শুধু দেশের প্রান্তিক জেলা হিসেবে পরিচিত থাকবে না, হয়ে উঠতে পারে আঞ্চলিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।
আমাদের হাতেই আগামীর পৃথিবী
জেন–জির পৃথিবী আমার কাছে শুধু প্রযুক্তির পৃথিবী নয়; এটি ন্যায়বিচার, সমান সুযোগ, মানবিকতা ও জবাবদিহির পৃথিবী। জানি, এসব পরিবর্তন এক দিনে আসবে না। নদীবন্দর সচল করতে সময় লাগবে, শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে, কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ প্রয়োজন হবে। প্রযুক্তিনির্ভর পৃথিবীতে এগিয়ে যেতে আমাদের নিজেদেরও দক্ষ হতে হবে, শিখতে হবে, পরিশ্রম করতে হবে।
চিলমারীর একজন তরুণ হিসেবে আমি এমন পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, আর শিক্ষা খুলে দেবে নতুন সম্ভাবনার দরজা। আমার স্বপ্নের শুরু চিলমারী থেকে। একদিন এই জনপদের তরুণেরাও হয়তো বিশ্বমানের গবেষণায় অবদান রাখবেন, মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় যুক্ত হবেন। তখন চিলমারী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব শুধু মহাকাশের দূরত্ব হয়ে থাকবে না, হয়ে উঠবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যাওয়ার প্রতীক।
অনুলিখন: জাহানুর রহমান, কুড়িগ্রাম