ব্র্যাক কর্মীদের জন্য প্রথমার তিন দিনের বইমেলা শুরু

· Prothom Alo

সকাল থেকেই রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের প্লাজায় কর্মীদের ভিড়। কেউ এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বই দেখছিলেন, কেউ আবার পছন্দের বই বাছাই করছিলেন। আবার কয়েক জনকে দেখা গেল পছন্দের বইয়ের তালিকা করছেন, কেনার পরিকল্পনা আগামীকাল। সব মিলিয়ে ব্র্যাক কর্মীদের জন্য আয়োজিত এই বইমেলায় ছিল উৎসবের আমেজ।

Visit asg-reflektory.pl for more information.

ব্র্যাক ও প্রথমা প্রকাশনের যৌথ আয়োজনে আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী এ বইমেলা। মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখান থেকে ব্র্যাকের কর্মীরা বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।

মেলায় বই পড়ার গুরুত্ব তুলে ধরে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘পৃথিবীকে বুঝতে চাইলে, নিজেদের বুঝতে চাইলে বই পড়ার অভ্যাস করতেই হবে। পৃথিবীতে কী ঘটছে, পৃথিবী কীভাবে সামনে এগোচ্ছে, তা বুঝতে বই পড়ার বিকল্প নেই।’

শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পরিবারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘একটা মানুষের বই পড়ার অভ্যাস তৈরিতে পরিবারের বিরাট দায়িত্ব আছে। ছোটবেলা থেকেই শিশুদের বই দেওয়ার অভ্যাস করতে হবে। বই উপহার দেওয়ার প্রচলন আবার চালু করা উচিত।’

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ৯ নভেম্বর

গল্প-উপন্যাস পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গল্প বা উপন্যাস পড়ার মধ্য দিয়ে মানুষ বিভিন্ন চরিত্র ও জীবনের সঙ্গে যুক্ত হয়। এর মাধ্যমে মানুষের জীবনযাপন, সম্পর্ক ও আচরণের নানা দিক সম্পর্কে জানা যায়। বই মানুষকে নিজের জগতের বাইরে অন্য মানুষের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ বলেন, ‘আমরা যে ফিল্ডে কাজ করি, প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তো বই না পড়লে আমরা নতুন কিছু জানব কী করে। নতুন কিছু জানতে হলে বই পড়ার বিকল্প নেই। সকালে মেলার শুরু থেকে আমাদের সহকর্মীদের মধ্যে বই কেনার একটা উৎসাহ, উৎসবমুখর পরিবেশ দেখছি। বাকি দুই দিনে পরিমাণটা আরও বাড়বে বলে মনে করি।’

বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে কে এ এম মোর্শেদ বলেন, ‘নিজের ভেতর থেকে একটা তাড়না আসতে হবে। আমি আসলে নতুন কিছু জানতে চাই—এই আগ্রহটা ভেতর থেকে আসতে হবে।’

ব্র্যাক-প্রথমা বইমেলা আয়োজনের বিষয়ে কে এ এম মোর্শেদ আরও বলেন, ‘নতুন বই কেনার জন্য আমরা বইমেলার অপেক্ষায় থাকি। যদিও এখন অনলাইনে বই কেনা যায়। তবে আমাদের অফিসে এ মেলা হওয়াতে সবার জন্য সুবিধা হয়েছে। কাজের ফাঁকে, মধ্যাহ্নভোজের বিরতিতে বই কেনা যাবে। অত্যন্ত সুন্দর উদ্যোগ।’

মেলা উপলক্ষে ব্র্যাক কর্মীরা ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রথমা প্রকাশনের তিনটি আউটলেটেও বিশেষ ছাড়ে বই কিনতে পারবেন। প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ শতাংশ, দেশের অন্যান্য বইয়ে ২০ শতাংশ এবং বিদেশি বইয়ে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Read full story at source