বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি: মাহবুব উল্লাহ

· Prothom Alo

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, স্বাধীনতা নিরাপদ হয়ে গেছে, এমনটা মনে করা হবে ভ্রান্তিবিলাস। দেশের ইতিহাসে বারবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, আর প্রতিবারই মানুষকে রুখে দাঁড়াতে হয়েছে। তাই স্বাধীনতা রক্ষায় আত্মতুষ্টির সুযোগ নেই; জাতীয় ঐক্য, দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সমর্থনের পাশাপাশি সামরিক সক্ষমতাও বাড়াতে হবে।

Visit tr-sport.bond for more information.

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত সেমিনারে এ কথা বলেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। ১৯৭৫ সালে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরও কতবার রুখে দাঁড়াতে হবে, তা জানা নেই। তিনি বলেন, একটি জাতির জাতীয় সত্তার প্রশ্নের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সেই দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক রাজনীতি পরিপক্ব হয় না। দেশের মানুষের মধ্যে বিভক্তি দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বন্ধু নির্বাচন, পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং সামরিক, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর দেশের মানুষ দিশাহারা হয়ে পড়েছিল। সে সময় ২৬ মার্চ জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৭১ সালের সংকটকালে জিয়াউর রহমান মানুষের আশার প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁকে বাংলাদেশের ইতিহাসে সংকটকালের নেতা ও ত্রাতা বলে উল্লেখ করেন অধ্যাপক মাহবুব উল্লাহ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল বলে দাবি করেন মাহবুব উল্লাহ। তিনি বলেন, ওই চুক্তিতে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী না থাকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে ভারতের অনুমোদন নেওয়ার বিষয় ছিল। তিনি বলেন, স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক অবস্থা ছিল বিপর্যস্ত।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রবন্ধে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি ও জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এর প্রভাব, ভূরাজনৈতিক অবস্থানের পরিবর্তন এবং পরবর্তী সাংবিধানিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ, বহুদলীয় গণতন্ত্র, পররাষ্ট্রনীতিতে ভারসাম্য, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সংবিধানের পঞ্চম সংশোধনীর বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক সংহতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি ও জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক প্রক্রিয়া, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীন মর্যাদা প্রতিষ্ঠার পথ তৈরি হয়। তিনি বলেন, ৭ নভেম্বরের অন্যতম শিক্ষা হলো জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী।

Read full story at source