আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ
· Prothom Alo
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে—এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।
আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।
Visit mwafrika.life for more information.
নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
গতকাল দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই ছিল প্রশ্নোত্তর পর্ব। তবে বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরেন। সংসদ সদস্য, জুলাই গণ–অভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা–কর্মীদের জীবনের নিরাপত্তা
নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’ আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট—এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
নাহিদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা মেরে আগুন লাগানো হয়। সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। নাহিদ জানতে চান, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না।
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব
নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার সময় সংসদে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ পর তিনি সংসদে আসেন এবং বিষয়টি নিয়ে বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লেগেছে, না লাগিয়েছে—এটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার ব্রিগেড, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে।
বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত, স্থানীয় লোকজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবার সঙ্গে আলোচনা করে মূল্যায়ন হচ্ছে, পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষ্যের কাছ থেকে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ সব আলামত থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরোনো বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড, আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ২০ মিটার দূরত্বে তাঁর বাবা–মা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাড়িতে কেউ থাকে না। দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। ইতিমধ্যে এ ঘটনায় একটা জিডি করা হয়েছে। সেই জিডি অনুসারে পুলিশ তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দায়মুক্তি দিচ্ছেন: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেশ কিছু সময় পর প্রশ্নোত্তর পর্ব শেষে নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ, অনেক তথ্যের কথা বলেছেন। কিন্তু যে ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আছে, সেটি যদি তিনি দেখতেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটা জিনিস নিক্ষিপ্ত করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল।
নুসরাতের বাড়ি পরিত্যক্ত ছিল না উল্লেখ করে নাহিদ বলেন, এটি কোনো গবাদিপশুর বাড়ি ছিল না, সেখানে মানুষ বসবাস করত। ঘটনার রাতেও মানুষ ছিল। মানুষও মারা যেতে পারত। নাহিদ দাবি করেন, নুসরাত তাবাসসুমকে কয়েক দিন ধরে ফোনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি জিডিও করেছেন। ফলে এ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।
আগুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে, মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কত ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করবেন—এমন বক্তব্য আশা করেছিলেন জানিয়ে নাহিদ বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এ ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব ও হট্টগোল
নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তাহলে তদন্ত কি শেষ হয়ে গেল?’ স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা।
বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শোনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রলবোমার চিহ্ন না থাকার কথা উল্লেখ করেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করে প্রতিবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’ সরকারি দলের সদস্যদের অনেকেও পাল্টা হইচই করেন।
ডেপুটি স্পিকার মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানান। কিন্তু বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। ডেপুটি স্পিকার তাঁদের শান্ত করার চেষ্টা করেন এবং বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। তবে হইচইয়ের কারণে বক্তব্য দিতে না পেরে এক পর্যায়ে বসে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় এনসিপির আবদুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতুসহ অনেকে দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হান্নান মাসউদকে বসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওনাকে বক্তব্যদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’
এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও ঘটনার বিবরণ দিতে গিয়ে ছাগলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর..।’ এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘কোথাও পেট্রলবোমা যদি নিক্ষেপ করা হয়, সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা স্বাধীন তদন্ত করেন। অন্য কোনোভাবে যদি আগুন লাগানো হয়, সেটা তদন্তের পরে বলা যাবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা দুঃখজনক ঘটনা হয়েছে এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেটি সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে থাকে, অ্যাকসিডেন্টালি, সেটা তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। সরকারকে দোষারোপ করার জন্য কোনো বক্তব্য দেওয়া সমীচীন নয়।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে অপেক্ষা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, সেটাও ফাইন্ড আউট হবে। কিন্তু আমি ঢালাওভাবে আগের কালচারের মতো বলতে চাই না, এখানে ওই ওই ওই জড়িত।’