‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ

· Prothom Alo

সাফ ফুটবলের সেমিফাইনালের আগেও খাবার নিয়ে সমস্যা কাটেনি ভারতীয় দলের। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে বিষয়টি তুলেছিলেন দলের কোচ নওশাদ মুসা। তখন সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছিলেন তিনি। কিন্তু এখনো নাকি সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি।

Visit betsport24.es for more information.

আগামীকাল বেলা তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে নয়বারের সাফ চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের আগের আজ সংবাদ সম্মেলনে খাবারের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ বলেন, ‘এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়নি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি (খাবার সমস্যা) সমাধান করা হবে।’

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরও খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত কোচ। তখন তিনি বলেছিলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়েরা হয়তো বেশি খেতে চান না। কিন্তু ম্যাচ শেষে তাঁদের ভালো খাবার প্রয়োজন হয়। অথচ প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।’

খাবার নিয়ে অসন্তোষ থাকলেও ঢাকার আবহাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই নওশাদের। নতুন যোগ দেওয়া খেলোয়াড়েরাও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে তাঁর বিশ্বাস। নওশাদ বলেন, ‘আবহাওয়া মোটেও কোনো সমস্যা নয়। কারণ, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এখানকার আবহাওয়ার বেশ মিল রয়েছে। শুধু পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াটাই আমাদের একমাত্র উদ্বেগের বিষয়।’

তবে খাবার বা অনুশীলনের সমস্যা নিয়ে পড়ে থাকতে চান না নওশাদ। তাঁর সব মনোযোগ এখন ভুটান ম্যাচে। ফাইনালে উঠলে বাংলাদেশের মুখোমুখি হতে চান, নাকি পাকিস্তানের—এমন ভাবনাও আপাতত মাথায় রাখছেন না, ‘আমরা কোন প্রতিপক্ষকে পাব, সেটা আমার হাতে নেই। বরং একটি নির্দিষ্ট দিনে একটি দল কীভাবে খেলছে, সেটিই গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে।’

ভুটানকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না ভারতের কোচ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা দেখে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন নওশাদ। ভুটানের দ্রুতগতির খেলোয়াড়, গোছানো রক্ষণ এবং পাল্টা আক্রমণের সামর্থ্যকে সমীহ করছেন নওশাদ। তাঁর সতর্কবার্তা, ‘তারা সুযোগ পেলে গোল করবে। তাই আমাদের রক্ষণভাগের খেলোয়াড়দের খুব সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশের তারকা হামজা চৌধুরীকে নিয়েও আপাতত ভাবতে চান না নওশাদ। তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠা। একাদশেও খুব বেশি পরিবর্তন আনার ইচ্ছা নেই ভারত কোচের। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়াতে আগের দলটিই ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন নওশাদ।

Read full story at source