মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত

· Prothom Alo

পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিচারকদের সঙ্গে বিজয়ী দলের বিতার্কিকেরা। আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে

শুধু মজুরি বাড়িয়ে পোশাকশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য মজুরির পাশাপাশি কারখানায় ভালো কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সদাচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।

Visit saltysenoritaaz.org for more information.

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ আজ শুক্রবার পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর এফডিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক এই ছায়া সংসদ প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, হোসাইন শাহাদাত ও মো. আতিকুর রহমান এবং বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড আগে গঠন করা হলে বর্তমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনযাপনের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। যেকোনো অস্থিতিশীলতা বিদেশি ক্রেতাদের আস্থা কমায়। শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলোর নেওয়া ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে।

এই অর্থনীতিবিদ আরও বলেন, সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সমন্বিত উদ্যোগে তা মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফেরেনি। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এ কারণে রপ্তানি কমতে পারে। অস্থিতিশীলতা চলতে থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।

শ্রমিকদের চলমান আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার ভাবা প্রয়োজন বলে মন্তব্য করেন হাসান আহমেদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। সে জন্য কোনো অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা উচিত।

Read full story at source