এরদোয়ানও যার মুক্তির পক্ষে, তবু তিনি কেন কারাগারে

· Prothom Alo

দেড় দশক আগে তুরস্কের রাজনীতিতে এক সম্ভাবনাময় নেতার আবির্ভাব ঘটেছিল। তাঁর নাম সেলাহাত্তিন দেমিরতাশ। লম্বা গড়নের, মেধাবী এই মানবাধিকার আইনজীবীর বয়স তখন ত্রিশের কোঠায়। তিনি পূর্ব তুরস্কের দিয়ারবাকিরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শাখা প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তাৎক্ষণিকভাবে চিন্তা করে উত্তর দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। আর বক্তৃতা? সেটি ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। টেলিভিশনে প্রচারিত তাঁর রসাত্মক ও ব্যঙ্গাত্মক বক্তৃতা ডান ও বাম—উভয় ধারার প্রতিষ্ঠিত রাজনীতিকদের অস্বস্তিতে ফেলত।

Visit h-doctor.club for more information.

২০১০ সালে তুরস্কের প্রধান কুর্দিপন্থী দল পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (বিডিপি) চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে দেমিরতাশের দ্রুত উত্থান শুরু হয়। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমি তাঁকে ভোট দিয়েছিলাম। তখন তাঁর বয়স ৪১ বছর। রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে নির্বাচনে হেরে গেলেও দেমিরতাশ ৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন। আরেকটি হতাশাজনক নির্বাচনী রাতেও তাঁর এই সাফল্য আমার মতো বামপন্থীদের আশাবাদী করেছিল। ২০১৫ সালের নির্বাচনেও আমি তাঁর দলকে ভোট দিয়েছিলাম। তত দিনে দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)।

এরদোয়ান কি ‘গণতান্ত্রিক স্বৈরাচার’ হতে চানমধ্যপ্রাচ্য মুঠোয় রাখতে ইরাকে খুঁটি গাড়ছেন এরদোয়ান

সেই নির্বাচন ছিল স্মরণীয়। ২০০২ সাল থেকে ক্ষমতায় থাকা এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। অন্যদিকে পরিবেশবাদী সমাজতন্ত্র, নারীবাদ এবং কুর্দিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া এইচডিপি ১৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে চমক সৃষ্টি করে। ইস্তাম্বুলের সাংস্কৃতিক ও উদারপন্থী এলাকা জিহাঙ্গিরে তখন উৎসবের আমেজ। বন্ধুবান্ধবের সঙ্গে আমিও গভীর রাত পর্যন্ত উদ্‌যাপন করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল, ঘুম থেকে উঠে আমরা এক নতুন তুরস্ক দেখতে পাব।

 ২০১৫ সালের জুন ছিল এই শতাব্দীতে তুরস্কের গণতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি আশাবাদের সময়। কিন্তু গ্রীষ্ম শেষ হওয়ার আগেই দেশটির গণতান্ত্রিক পরিসর সংকুচিত হতে শুরু করে। প্রথমে ধীরে, পরে দ্রুত। ২০১৬ সালে ‘সন্ত্রাসী প্রচারণার’ অভিযোগে দেমিরতাশকে গ্রেপ্তার করা হয়। এ মাসে উত্তর-পশ্চিম তুরস্কের এদিরনে এফ-টাইপের একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে তাঁর বন্দিজীবনের ১০ বছর পূর্ণ হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

২০২৩ সালে দেমিরতাশ আমাকে বলেছিলেন, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের একটি ভিন্ন পদ্ধতি হিসেবে তিনি লেখালেখিকে বেছে নিয়েছেন। একই বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

 ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিরও শিকার হয়েছিলেন দেমিরতাশ। গ্রেপ্তারের কয়েক মাস আগে তিনি তুর্কি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানি থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি করিডর খুলে দিতে। কুর্দিরা শহরটি স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করত। কিন্তু তুরস্কের পূর্ব সীমান্তে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার আশঙ্কায় আঙ্কারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরবর্তী সময়ে দেমিরতাশকে রাষ্ট্রের ঐক্য বিনষ্ট, অপরাধে উসকানি এবং ২০১৪ সালের কোবানি বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী প্রচারণাসহ বিভিন্ন অভিযোগে মোট ৪২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিক্ষোভের সময় নিহত ব্যক্তিদের হত্যার অভিযোগ থেকে তিনি খালাস পান।

তুরস্ক–ইসরায়েল যুদ্ধ কেন অনিবার্য হয়ে উঠছে যুদ্ধ ছাড়াই ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে জয়ী হতে পারে তুরস্ক

আমার মতো প্রগতিশীলদের কাছে মনে হয়েছিল, একটি নতুন গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠার যে পরিবেশবাদী সমাজতান্ত্রিক স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা চিরতরে সমাধিস্থ হয়ে গেছে। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত সিরীয় আরব বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি বদলে যায়। সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের নতুন বাস্তবতা তুরস্ক সরকারকে দেশটির কুর্দি সংখ্যালঘুদের সঙ্গে শান্তিপ্রক্রিয়া শুরু করতে উদ্বুদ্ধ করে। জাতীয়তাবাদী নেতা দেবলেত বাহচেলি প্রথমবারের মতো দেমিরতাশের দলের সদস্যদের সঙ্গে করমর্দন করেন। শান্তি আলোচনার ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) প্রতীকীভাবে অস্ত্র পোড়ানোর অনুষ্ঠান আয়োজন করে।

চলতি বছরের আগস্টে তুরস্কের পার্লামেন্ট পিকেকে বিলুপ্ত করার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠায় আইন পাস করে। এর ফলে সংগঠনটির সদস্যদের তুর্কি সমাজে পুনঃএকীভূত হওয়ার পথ তৈরি হয়। কিছু সদস্যের কারাদণ্ড স্থগিত করার এবং পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাসিত হাজার হাজার কুর্দির দেশে ফেরার সুযোগও তৈরি হয়। অথচ দেমিরতাশ তখনো কারাগারে।

২০২৫ সালের নভেম্বরে ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) একটি ঐতিহাসিক রায় তাঁর মুক্তির প্রত্যাশা নতুন করে জাগিয়ে তোলে। ২০২৫ সালের জুলাইয়ে দেওয়া আগের রায়ের বিরুদ্ধে তুরস্কের আপিল প্রত্যাখ্যান করে আদালত জানান, দেমিরতাশের কারাবাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তুরস্ক যে কারণে নিজেদের ইসরায়েলের চূড়ান্ত টার্গেট মনে করছে তুরস্ক কেন ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিন্দা জানায়নি

তুরস্কের ক্ষমতাসীন জোটের দুই নেতা এরদোয়ান ও বাহচেলি এই রায়ের বিরোধিতা করেননি বলেই মনে হয়েছিল। রায় সম্পর্কে জানতে চাইলে এরদোয়ান বলেছিলেন, বিচার বিভাগ যা সিদ্ধান্ত নেবে, সরকার তা মেনে চলবে। বাহচেলি আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, দেমিরতাশের মুক্তি তুরস্কের জন্য কল্যাণকর হবে। দেমিরতাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাহচেলিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন। দেমিরতাশের উষ্ণ, রসিকতাপূর্ণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সহজে ছড়িয়ে পড়ার উপযোগী রাজনৈতিক বক্তব্য এখন বিশ্বজুড়ে বামপন্থী রাজনীতিতে প্রভাব ফেলছে। নিউইয়র্কের জোহরান মামদানি এবং মিশিগানের আবদুল এল-সাইদের রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যায়।

গত জুনে দুই কুর্দি রাজনীতিক কারাগারে দেমিরতাশের সঙ্গে দেখা করে তাঁর কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন। নীল শার্ট ও ধূসর জ্যাকেট পরা দেমিরতাশকে দেখে মনে হয়েছিল, তিনি আগের চেয়ে বয়স্ক, অভিজ্ঞ ও শান্ত হয়েছেন। হয়তো নতুন কোনো বই লেখার কাজ করছেন।

গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠার জন্য দেমিরতাশের সংগ্রাম তাঁকে শেষ পর্যন্ত দেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু তাঁকে পরিণত করেছে দেশটির সবচেয়ে উৎপাদনশীল লেখকদের একজন হিসেবে। যে স্বাধীনতা পাওয়ার অধিকার তাঁর অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বাধীনতা তাঁকে ফিরিয়ে দেওয়া হলে তিনি নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবেন—হয়তো সম্পূর্ণ নতুন কোনো পথে।

  • কায়া জেনচ ইস্তাম্বুলের ঔপন্যাসিক ও প্রাবন্ধিক

    দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

Read full story at source