পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর সেই নারী ‘নিখোঁজ’
· Prothom Alo

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে অবস্থান করা সেই মধ্যবয়সী নারীকে আজ রোববার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত তাঁকে সেখানে অবস্থান করতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।
তবে আজ সকাল থেকে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই নারী কোথায় গেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয় লোকজনও।
Visit umafrika.club for more information.
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। গতকাল রাতেও তাঁকে সেখানে দেখা গেছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় পাঁচ দিন ধরে ওই নারী কোনো দেশে প্রবেশ করতে পারেননি। তীব্র রোদ ও সীমান্তে কড়া নজরদারির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে তাঁকে। এতে ওই নারীকে ঘিরে মানবিক সংকট তৈরি হয়। তবে আজ সকালে স্থানীয় লোকজন জানতে পারেন, ওই নারী আর সেখানে নেই। তাঁকে কেউ সরিয়ে নিয়েছেন কি না বা তিনি নিজে অন্য কোথাও চলে গেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে পাথরের চর এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘ওই নারী গতকাল রাতেও সেখানে ছিলেন। আজ সকালে গ্রামবাসীর মাধ্যমে জানতে পারলাম, গতকাল রাতেই বাংলাদেশের প্রশাসনের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে গেছেন। কিন্তু তাঁকে কোথায় নিয়ে গেছেন, এ বিষয়ে কিছুই জানি না।’
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। আজ সকাল সাতটার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই নারীকে আর সেখানে দেখা যাচ্ছে না। তিনি কোথায় গিয়েছেন, তা কেউ বলতে পারছেন না।’
এ বিষয়ে বক্তব্য জানতে আজ রাত সাড়ে আটটার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।