বঙ্গভবনে যা দেখলাম, যা শুনলাম...

· Prothom Alo

দূর থেকে ছাড়া এই সাদা ভবনটি কখনো কাছে গিয়ে দেখা হয়নি। নানা ইতিহাস-ঐতিহ্য সেখানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। যখন জানতে পারলাম, আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণে শরতের কাশফুলের মতো ধবধবে সাদা অট্টালিকায় পদচারণ করব, তখন কী যে আনন্দ চোখেমুখে—তা বলে প্রকাশ করার ভাষা খেই হারিয়ে ফেলল। প্রথমবারের মতো দূর থেকে দেখা বিশাল প্রাসাদটিকে হাত দিয়ে স্পর্শ করব—এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা।

Visit mchezo.life for more information.

কয়েক দিন ‘রাওয়া বইমেলা’ নিয়ে ব্যস্ততা গেল। বেশ রাতে ফিরছি। ভাবছি, রাষ্ট্রপতির জন্য কী নিয়ে যেতে পারি? আমার লেখা ও সম্পাদিত বইগুলো তো রাষ্ট্রপতি হওয়ার আগে দিয়েছি। এবার ভাবলাম, আমার লেখা না দিয়ে আমার প্রকাশনার তিনটি বই দিই। অধ্যাপক ড. এমরান জাহান সম্পাদিত পলাশীর যুদ্ধ: সত্যের অনুসন্ধানে, দীপক সাহার লেখা রাজা রামমোহন রায়: সময়ের আগে হেঁটেছিলেন যিনি এবং সাইফুল আহসান বুলবুলের লেখা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। এই তিনটি বই নিয়ে সকাল সকাল ছুটলাম। ঠিক করা ছিল, বেলা সাড়ে ১১টায় ভবনের সামনে উপস্থিত থাকতে হবে।

গুলিস্তান থেকে বঙ্গভবনের প্রবেশপথের সুপ্রশস্ত রাস্তার এক পাশে পা রাখতে দেখা হয়ে গেল একাত্তর টিভির আবদুল লতিফের সঙ্গে। তিনিও কখনো এই বঙ্গভবনে প্রবেশ করেননি। দুজনেই সুনসান এই পথ দিয়ে মোটরসাইকেলে করে চলে এলাম গেটের ঠিক পাশে, যেখানে প্রবেশের জন্য পাসকার্ড দেওয়া হয়।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

চারদিকে লম্বা প্রাচীরঘেরা প্রাসাদোপম চত্বরজুড়ে সবুজ বৃক্ষরাজি। এর ভেতরে ছোট একটি গেট দিয়ে প্রবেশ করি অপেক্ষমাণ কক্ষে। সেখানে ইতিমধ্যে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের কয়েকজন সদস্য চলে এসেছেন। আমাদের দেখে তাঁরাও প্রফুল্ল হয়ে উঠলেন। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে লাগলাম। আমাদের রবীন্দ্রসংগীতশিল্পী ও সাংবাদিক নীর নূর তাজমিন মনের জোরে অনেক অসুস্থ শরীর নিয়েও উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে অপেক্ষমাণ কক্ষে ৪৪ জন সদস্য উপস্থিত হলাম।

বঙ্গভবনও অনেকটা ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত। ১৯৬৪ সালে সংস্কারের পর এখানে ইসলামি স্থাপত্য ও বাঙালি স্থাপত্যের সমন্বয় ঘটানো হয়। নিচতলার মেঝের চত্বরের ক্ষেত্রফল ৬৭০০ বর্গমিটার।

মাহবুবুল আলম সোহাগের কাছে মুঠোফোন রেখে, পাসকার্ড সংগ্রহ করে একে একে প্রবেশ করলাম।

মুঠোফোন ছাড়া কেমন জানি শূন্য শূন্য লাগছিল। প্রবেশপথের দুই পাশে চোখে পড়ল সবুজ গাছপালায় ভরপুর পরিবেশ। রাস্তার এক পাশে চোখ পড়ল সাদা রঙের একটি মাজারের দিকে। সেখানে লেখা আছে, সুফি সাধক শাহজালাল দাখিনির মাজার। স্থানটি অল্প সময়ের মধ্যেই সাধকের ভক্তদের কাছে মাজার হিসেবে পরিচিতি লাভ করতে থাকে।

বঙ্গভবন এলাকায় ‘মানুক হাউস’ নামে একটি ইমারত ছিল। জনশ্রুতি আছে, ব্রিটিশ রাজত্বের সময় আর্মেনীয় জমিদার মানুকের নামানুসারে এর নামকরণ করা হয়। ঢাকার নবাব খাজা আবদুল গনি মানুকের কাছ থেকে স্থানটি কিনে নেন এবং এখানে একটি বাংলো তৈরি করেন, যার নাম দেওয়া হয় ‘দিলখুশা’।

যেভাবে বঙ্গভবন হয়ে উঠল

১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলা ভাগ করে ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামে নতুন প্রদেশ গঠন করে এবং ঢাকাকে এর রাজধানী করা হয়। তখন নতুন প্রদেশের প্রধান শাসনকর্তা তথা লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পান স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। তাঁর অস্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা হয় দিলকুশার দক্ষিণাংশে, যা দানা দিঘির ময়দান নামে পরিচিত ছিল। এর আগে ইমারত বলতে এই অংশে ছিল শুধু ওই ‘মানুক হাউস’।

১৯১১-১৯৪৭ সাল পর্যন্ত পূর্ববাংলায় সফরের সময় ভাইসরয়ও এখানেই বাস করতেন। সেই সময় এই ভবনটির নাম ছিল ‘গভর্নমেন্ট হাউস’। ১৯৬১ সালে ঝড়ে পুরোনো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ আমলে এই ভবনটি কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। ভবনটি ছিল পূর্ব-পশ্চিমে লম্বা। একতলা ভবনের মেঝের আয়তন ছিল ২৫ হাজার ১২৮ বর্গফুট। এর ছাদ ছিল টিনের। পূর্ব ও পশ্চিমের দুটি ভবনের ছাদ ছিল চৌচালা। মাঝের ভবনটি অন্য কক্ষগুলোকে সংযুক্ত করেছিল; সেটি ছিল দোচালা। মেঝে ছিল মাটি থেকে চার ফুট উঁচু এবং সেগুন কাঠের তৈরি। এ জন্য ‘কাঠের প্রাসাদ’ বা ‘টিম্বার প্যালেস’ নামেও এটি খ্যাত ছিল।

ইসলামি স্থাপত্যের অনুকরণে ১৯৬৪ সালে নির্মিত হয় ‘গভর্নর হাউস’। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় গভর্নর হাউসের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে তা সংস্কার করা হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে তৎকালীন গভর্নর হাউসে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায়ই এর নামকরণ হয় ‘বঙ্গভবন’ এবং এটিকে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসস্থান ও কার্যালয় হিসেবে নির্দিষ্ট করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১২ জানুয়ারি বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন অধ্যায়ে প্রবেশ করে বঙ্গভবন। তার পর থেকে রাষ্ট্রপতির শপথ, সরকার গঠন, রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের অভ্যর্থনাসহ বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঘটনার সাক্ষী এই ভবন।

রাষ্ট্রপতির ভবনে আমাদের প্রবেশ

রাষ্ট্রপতির ভবনে প্রবেশ করে দুই পাশে চোখ পড়ল দেয়াল দুটির দিকে। সাজানো আছে ইতিহাসের মহানায়কদের ছবি। যেন দেয়াল দুটি থেকে ইতিহাস জীবন্ত হয়ে কথা বলছে। একে একে টাঙানো নবাব সলিমুল্লাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, আবু সাঈদ চৌধুরী, জিয়াউর রহমানসহ বাংলাদেশের সব রাষ্ট্রপতি ও বীরদের ছবি। এই ভালো লাগাটা ছিল অদ্ভুত। এরপর আমরা চায়ের কক্ষে প্রবেশ করি। সেখানে চা-চক্রে কিছুক্ষণ আড্ডা।

রাষ্ট্রপতির সঙ্গে মাহেন্দ্রক্ষণ

রাষ্ট্রপতি সভাকক্ষে প্রবেশ করার আগে আমাদের সংগঠনের সভাপতি মানিক মুনতাসির এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কিছু নির্দেশনা দেন। ধীরে ধীরে স্যুট পরিহিত রাষ্ট্রপতি প্রবেশ করলেন। তখন ঘড়িতে বেলা ২টা ১৪ মিনিট। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। তিনি আমাদের সবার সঙ্গে করমর্দন করলেন। রাষ্ট্রপতির সঙ্গে এভাবে করমর্দন করছি, সেই অনুভূতি ভীষণ অন্য রকম।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ঠাকুরগাঁওয়ের হাজার বছরের অহংকার। বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ। হাজার লড়াই-সংগ্রামে তিনি প্রজ্বলিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব। মুক্তিযুদ্ধের সংগঠক।

তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি তৎকালীন ঠাকুরগাঁওয়ের আটোয়ারীর মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা রুহুল আমিনও ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক বক্তব্য, দলীয় কর্মসূচি পরিচালনা এবং বিরোধী দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি পরিচিত মুখ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে তিনি বিভিন্ন সময়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাবরণের অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক জীবনের অংশ। তাঁর বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে সমর্থক ও বিরোধী—উভয় পক্ষের মধ্যেই আলোচনা রয়েছে।

যতই মানুষটিকে দেখছি, ততই বিস্মিত হচ্ছি। ভাবছি, সেই গ্রাম থেকে আজ তিনি দেশের শিখরে। আমার শিক্ষাগুরু অধ্যাপক মনতোষ কুমার দে স্যারের পরম বন্ধু তিনি। স্যারের সঙ্গে প্রায়ই কথা হয়। কথা হলেই তাঁর বন্ধুর কথা বলেন। সেই ছেলেবেলা কিংবা কলেজের দিনগুলো যেভাবে কেটেছিল, স্কুলে পড়ার সময় মঞ্চে নাটক কিংবা বিভিন্ন আয়োজনের কথা তিনি সব সময় বলেন, ‘আলমগীর খুব আন্তরিক মানুষ। একজন বড় হৃদয়ের মানুষ...।’

সত্যিই তাই। এমন একজন বড় হৃদয়ের মানুষ না হলে কি আমরা রাষ্ট্রপতির সঙ্গে এভাবে দেখা করতে পারি! রাষ্ট্রপতিকে দেখতে দেখতে মনে পড়ছে, আমার চাচা শহীদুল ইসলামের কথা। তিনি ছিলেন রাষ্ট্রপতির ভীষণ অনুরাগী। তিনি ছয় বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। থাকলে কী যে আনন্দটাই না পেতেন!

যাহোক, আমরা একে একে দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলাম। পরিচিতি পর্ব শেষে তিনি আমাদের সঙ্গে মতবিনিময় করেন। আমাদের সঙ্গে থাকা দুই সাংবাদিক বন্ধুর জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা খুব গুরুত্বসহকারে শুনলেন এবং সহযোগিতা করার আশ্বাস দিলেন।

বক্তব্যের শুরুতে তিনি বঙ্গভবনের ইতিহাস নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বঙ্গভবনের এই স্থাপনার সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত।’ এরপর বলেন, এটি কীভাবে নির্মিত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্পর্কেও বলেন, ‘আমাদের নানাভাবে ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়েছে। একেক সরকার এসেছে, একেকভাবে ইতিহাস লেখা হয়েছে। এ জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপনার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়।’

‘আমি যত দিন কর্মক্ষম আছি, জনগণের জন্য কাজ করে যাব। আমি ব্যক্তিগত সম্পর্কে কোনো রাজনীতি টানি না। সব দলেই আমার বন্ধু আছেন। সবার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি সর্বদলীয় হিসেবে কাজ করতে চাই। আমি সর্বসাধারণের।’

‘আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।’ সাম্প্রদায়িকতাকে সামনে রেখে যারা বিভাজন করে, তাদের আমি ঘৃণা করি। এটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না।

‘বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। সেটা আমাদের লক্ষ রাখতে হবে। সেই সঙ্গে মাদকমুক্ত করার জন্য উদ্যোগ নিতে হবে।’

সংবাদপত্র ও সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক। পেশাগত স্বার্থরক্ষায় সব বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে।

অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এরপর তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বিষয়ে অনেক কথা বলেন। এলাকার উন্নয়নের জন্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বাজেট পাস করেছেন। আগামী বছরে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে যাতে শিক্ষার্থী ভর্তি হতে পারে, সে লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা থাকে, সে জন্য সাংবাদিকদের সোচ্চার হয়ে ভুলভ্রান্তি ধরিয়ে দিতে বলেছেন।

কথা বলতে বলতে দুপুর গড়িয়ে যেতে লাগল। ঘড়িতে প্রায় তিনটা বাজে। তিনি বলেন, এখানে সন্ধ্যায় ঝিঁঝি পোকা ডাকতে শুরু করে। বেশ কয়েকটি বানর আছে। তাদের বাচ্চাকাচ্চা নিয়ে এখানে থাকে। আছে কয়েকটি হরিণ। সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। এই ভবনের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত। এ জন্য আমরা ভাবছি, স্কুলের শিশুদের ঘুরে দেখার সুযোগ করে দেওয়া যায় কি না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই কথা শুনে আমরা সবাই জোরে করতালি দিই। রাষ্ট্রপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপর সভাকক্ষ থেকে বের হয়ে আমরা একটি ফটোফ্রেমে আবদ্ধ হলাম। রাষ্ট্রপতি চলে গেলেন তাঁর আপন কক্ষে, আর আমরা ফিরতে লাগলাম যার যার গন্তব্যে।

বের হওয়ার সময় আইরিন সুলতানা বলেন, রাষ্ট্রপতি মহোদয় তো বললেন, শীতের এক সন্ধ্যায় আমন্ত্রণ জানাবেন। তখন ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দ আর জম্পেশ আড্ডা নিশ্চয়ই আমাদের আরও প্রাণবন্ত করে তুলবে!

  • আবু সাঈদ সুরুজ: কবি, প্রাবন্ধিক ও প্রকাশক

Read full story at source