দূষণে বিপর্যস্ত ঢাকার বাতাস, আপনার ত্বকও কি হারাচ্ছে স্বাভাবিক জেল্লা

· Prothom Alo

দূষিত পরিবেশে প্রতিদিন বাইরে যাতায়াতের সময় ত্বকও বিভিন্ন দূষণকারী উপাদানের সংস্পর্শে আসে। এসব উপাদান ত্বকে অস্বস্তি ও সংবেদনশীলতা বাড়াতে পারে। পাশাপাশি অতিরিক্ত রোদ, অনিয়মিত পরিচর্যা কিংবা ত্বকের উপযোগী নয় এমন পণ্য ব্যবহারে স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে পড়তে পারে।

Visit turconews.click for more information.

ঢাকার বাতাস এখন স্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। ১৭ নভেম্বর সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে ছিল রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর ঘনত্বও ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার ৪৮ দশমিক ৭ গুণ বেশি। এমন দূষিত পরিবেশে শ্বাসতন্ত্রের পাশাপাশি ত্বকের যত্ন নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

ঢাকার ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের দূষণ আর বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম বস্তুকণা প্রতিদিনই আমাদের ত্বককে বাইরের নানা উপাদানের সংস্পর্শে আনছে। এর মধ্যে অনেকেই ত্বকের যত্নে একের পর এক নতুন অ্যাকটিভ বা সক্রিয় উপাদান যোগ করছেন। কারও লক্ষ্য ব্রণ কমানো, কারও দাগছোপ দূর করা, আবার কেউ চান বয়সের ছাপ কমাতে। কিন্তু দূষণের এই সময়ে ত্বক কি সত্যিই আরও নতুন উপাদান চায়? নাকি তার আগে প্রয়োজন প্রাকৃতিক সুরক্ষাবর্ম বা স্কিন ব্যারিয়ারের যত্ন?

কয়েক বছর আগেও স্কিনকেয়ার নিয়ে আলোচনার কেন্দ্রে থাকত ব্রণ, মেছতা, শুষ্কতা কিংবা বয়সের ছাপ। এখন আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উপাদান। সেরামাইড, নায়াসিনামাইড, রেটিনয়েড, পেপটাইডস ও হায়ালুরনিক এসিড এসব নাম এখন পরিচিত। পণ্যের গায়ে উপাদানের তালিকা দেখে কেনাকাটা করছেন অনেকে, খোঁজ নিচ্ছেন কোন উপাদান কীভাবে কাজ করে।

ত্বক পরিচর্যা সম্পর্কে এই সচেতনতা অবশ্যই ইতিবাচক। তবে কোনো উপাদানের নাম জানা আর সেটি ত্বকের জন্য কেন প্রয়োজন, তা বোঝা এক বিষয় নয়। বিশেষজ্ঞদের মতে, স্কিনকেয়ার পণ্য বেছে নেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি। ত্বকের আসলে কী প্রয়োজন, উপাদানটি কোন মাত্রায় ব্যবহার করা হচ্ছে, অন্য উপাদানের সঙ্গে এর সমন্বয় কেমন এবং পুরো ফরমুলেশন ত্বকের জন্য কতটা উপযোগী, এসব প্রশ্নের উত্তর জানা দরকার। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্কিন ব্যারিয়ারের যত্ন।

দূষণের এই সময়ে স্কিন ব্যারিয়ার কেন গুরুত্বপূর্ণ?

স্কিন ব্যারিয়ার হলো ত্বকের সবচেয়ে বাইরের স্তরের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং বাইরের বিভিন্ন বিরক্তিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষা দেয়। অর্থাৎ ত্বককে সুস্থ ও স্বাভাবিক রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, দূষিত পরিবেশে প্রতিদিন বাইরে যাতায়াতের সময় ত্বকও বিভিন্ন দূষণকারী উপাদানের সংস্পর্শে আসে। এসব উপাদান ত্বকে অস্বস্তি ও সংবেদনশীলতা বাড়াতে পারে। পাশাপাশি অতিরিক্ত রোদ, অনিয়মিত পরিচর্যা কিংবা ত্বকের উপযোগী নয় এমন পণ্য ব্যবহারে স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে পড়তে পারে।

স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হলে ত্বকে শুষ্কতা, টানটান ভাব, খসখসে ভাব, লালচে ভাব কিংবা সংবেদনশীলতা দেখা দিতে পারে। আগে যে পণ্য সহজেই ব্যবহার করা যেত, সেটিও তখন অস্বস্তির কারণ হতে পারে। তাই দূষণের এই সময়ে শুধু নতুন স্কিনকেয়ার পণ্য যোগ করাই নয়, ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ঠিক রাখাও জরুরি।

উপাদানের নাম জানলেই কি স্কিনকেয়ার বোঝা যায়?

স্কিনকেয়ারে অ্যাকটিভ উপাদানের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই জটিল হচ্ছে পণ্য বেছে নেওয়ার বিষয়টি। রেটিনয়েড ও এক্সফ্লোয়েটিং এসিড অন্যান্য অ্যাকটিভ ত্বকের নির্দিষ্ট সমস্যায় উপকারী হতে পারে। তবে একসঙ্গে অনেক শক্তিশালী উপাদান ব্যবহার করলে কিংবা প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্কিনকেয়ার হওয়া উচিত ট্রেন্ডনির্ভর নয়, বরং বিজ্ঞানসম্মত। অর্থাৎ ত্বকের প্রয়োজন বুঝে উপযুক্ত উপাদান, সঠিক মাত্রা ও পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরমুলেশন বেছে নেওয়া জরুরি। শুধু কোনো উপাদান জনপ্রিয় বলেই সেটি সবার ত্বকের জন্য উপযোগী হবে, এমন নয়।

পণ্যের গায়ে থাকা উপাদানের তালিকা দেখে কেনা উচিত। তবে তালিকায় পরিচিত বা আকর্ষণীয় উপাদানের সংখ্যা বেশি হলেই পণ্যটি ভালো, এমন ধারণা ঠিক নয়। উপাদানের ঘনত্ব, ফরমুলেশন, অন্য উপাদানের সঙ্গে এর সমন্বয় এবং ব্যবহারের নিয়ম সবকিছুই বিবেচনায় রাখতে হবে।

স্কিন ব্যারিয়ারের যত্নে ময়েশ্চারাইজার কেন জরুরি?

একসময় ময়েশ্চারাইজারকে মূলত শুষ্ক ত্বক কিংবা শীতকালের পরিচর্যার পণ্য হিসেবে দেখা হতো। এখন অনেকেই বুঝতে পারছেন, ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং স্কিন ব্যারিয়ারকে সুস্থ রাখার জন্য নিয়মিত ময়েশ্চারাইজেশন গুরুত্বপূর্ণ।

এ কারণেই স্কিনকেয়ারে সেরামাইড ও ন্যাচারাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টরের মতো উপাদানের ব্যবহার নিয়ে আগ্রহ বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ফরমুলেশন একাধিক উপাদান একসঙ্গে রাখা হচ্ছে। যেমন, কিছু ব্যারিয়ার-ফোকাসড পণ্যে সিরামের সঙ্গে পেপটাইড, প্রিবায়োটিকস ও অ্যান্টি–অক্সিডেন্ড  ব্যবহার করা হয়। প্রতিটি উপাদানের কাজ আলাদা হলেও সম্মিলিতভাবে ত্বকের পরিচর্যায় ভূমিকা রাখতে পারে।

তবে পণ্যের প্যাকেটে ‘সেরামাইডস’ কিংবা ‘ব্যরিয়ার রিপেয়ার’ লেখা থাকলেই সেটি কিনে ফেলা উচিত নয়। পণ্যটি আসলে কী উদ্দেশ্যে তৈরি, এর ফরমুলেশন কেমন এবং নিজের ত্বকের প্রয়োজনের সঙ্গে তা কতটা মানানসই এসব বিষয়ও খেয়াল রাখতে হবে।

কখনো কখনো কম পণ্য ব্যবহারই ভালো

ত্বকের যত্নে উপাদান সম্পর্কে সচেতনতা বাড়ার একটি নেতিবাচক দিকও আছে। অনেকেই একসঙ্গে একাধিক অ্যাকটিভ ব্যবহার করতে শুরু করেন। ত্বকের মসৃণতার জন্য এক্সফ্লোয়েটিং এসিড, বয়সের ছাপ কমাতে রেটিনয়েড, দাগছোপের জন্য অন্য কোনো অ্যাকটিভ এর সঙ্গে যোগ হয় একাধিক সিরাম।

প্রতিটি উপাদানেরই আলাদা কার্যকারিতা থাকতে পারে। কিন্তু সব উপাদান একসঙ্গে বা ঘন ঘন ব্যবহার করলে ত্বকের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে ত্বক সংবেদনশীল হলে কিংবা স্কিন ব্যারিয়ার আগে থেকেই দুর্বল থাকলে অস্বস্তি বাড়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভালো স্কিনকেয়ার রুটিন মানেই অনেক পণ্যের ব্যবহার নয়। বরং ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং দিনের বেলায় সানস্ক্রিন লাগানো—এই সাধারণ অভ্যাসগুলোই পরিচর্যার ভিত্তি। ত্বকের নির্দিষ্ট সমস্যা ও সহনশীলতা বুঝে এরপর প্রয়োজনীয় অ্যাকটিভ যোগ করা যেতে পারে।

দূষণের দিনে ত্বকের যত্নে কী করবেন?

ঢাকার বাতাসের বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়ার সময় শুধু ত্বক নয়, সামগ্রিক স্বাস্থ্যের সুরক্ষার দিকেও নজর দেওয়া জরুরি। বায়ুমান বিপজ্জনক পর্যায়ে থাকলে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা ভালো। বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন। ঘরের জানালা বন্ধ রাখুন এবং বাইরে গিয়ে ব্যায়াম করা থেকে বিরত থাকুন।

ত্বকের পরিচর্যায়ও কিছু অভ্যাস মেনে চলতে পারেন। বাইরে থেকে ফিরে ত্বকের উপযোগী মৃদু সিরাম দিয়ে মুখ পরিষ্কার করুন। অতিরিক্ত ঘষাঘষি বা বারবার মুখ ধোয়া এড়িয়ে চলুন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ত্বকে শুষ্কতা বা জ্বালাপোড়া দেখা দিলে নতুন নতুন অ্যাকটিভ ব্যবহার না বাড়িয়ে পরিচর্যার রুটিন সহজ রাখুন। সমস্যা দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ট্রেন্ড নয়, ত্বকের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত

স্কিনকেয়ারে নতুন উপাদান আসবে, নতুন ট্রেন্ড জনপ্রিয় হবে। এটাই স্বাভাবিক। তবে প্রতিটি ট্রেন্ড অনুসরণ করা কিংবা নিয়মিত নতুন পণ্য যোগ করাই সুস্থ ত্বকের শর্ত নয়।
বিশেষ করে ঢাকার মতো দূষণপ্রবণ শহরে বসবাসকারীদের ত্বকের যত্নে বাড়তি সচেতনতা প্রয়োজন। কোনো অ্যাকটিভ ব্যবহারের আগে ভাবতে হবে, ত্বকের সত্যিই কি এটি প্রয়োজন? নাকি আপাতত ত্বককে শুধু আর্দ্রতা ও সুরক্ষা দেওয়া দরকার?


শেষ পর্যন্ত ভালো স্কিনকেয়ারের মূল কথা হলো নিজের ত্বককে বোঝা, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ফরমুলেশন বেছে নেওয়া এবং কখন অ্যাকটিভ ব্যবহার করতে হবে আর কখন স্কিন ব্যারিয়ারের যত্নে মনোযোগ দিতে হবে, তা জানা। ত্বককে সুস্থ রাখতে সব সময় নতুন কিছু যোগ করার প্রয়োজন নেই; দূষণের এই সময়ে কখনো কখনো পরিচর্যা সহজ রাখাই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

Read full story at source