আইসিইউর সামনে মায়ের আকুতি, ‘আল্লাহ মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও’
· Prothom Alo

‘আমার মেয়েটাকে নিয়ে কত আশা আমার। আল্লাহ মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও। সবাই দোয়া করেন। আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়।’
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সামনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন রিজিয়া বেগম। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মিফতাহুল জান্নাতের (১৯) মা। মিফতাহুল বর্তমানে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।
Visit newsbetsport.bond for more information.
মিফতাহুল চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার সুবিধার্থে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থাকতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, মিফতাহুল চট্টগ্রাম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি সদ্য ওই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে তিনি স্নাতকে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সকালে কলেজ থেকে একাডেমিক কাগজপত্র নিতে নানাবাড়ি থেকে বের হন তিনি। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার ৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের এক পাশ পার হয়ে বিভাজকে দাঁড়ানোর পর দক্ষিণ দিকে তাকিয়ে সড়কে পা রাখেন তিনি। এ সময় উত্তর দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আজ বুধবার দুপুরে মিফতাহুলের নানাবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মামা, মামি ও নানি হাসপাতালে ছিলেন। পরে মুঠোফোনে কথা হয় মিফতাহুলের মামা হারুনুর রশীদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, পড়াশোনার সুবিধার জন্য মিফতাহুল তাঁদের বাড়িতে থাকতেন। কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় দুর্ঘটনার শিকার হন তিনি। এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
হারুনুর রশীদ আরও বলেন, মিফতাহুলের শারীরিক অবস্থা ভালো নয়। পিতৃহীন মেয়েটির এমন অবস্থায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর মায়ের কান্নাও থামছে না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।