শ্রম অধিকার সুরক্ষায় ধারাবাহিক অগ্রগতি ডিএফসিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে

· Prothom Alo

শ্রম অধিকার সুরক্ষায় আইন সংশোধন, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রম সংস্কারে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

আগামী বছরের শুরুতে ডিএফসির একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। এ সময় তারা সংশ্লিষ্ট খাত ও সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা করতে পারে।

Visit lebandit.lat for more information.

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

ওই কূটনীতিক জানিয়েছেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত বাণিজ্যিক স্বার্থও সুরক্ষিত হবে।

গত সোমবার ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সংস্থাটির অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে।

ওয়াশিংটনের ওই সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শ্রম অধিকার সুরক্ষা ও শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির মূল্যায়ন করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের প্রতিফলন ঘটেছে।

এ সিদ্ধান্তের ফলে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অবকাঠামো উন্নয়নে সহায়তা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের শ্রম অধিকারের আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে গিয়ে ওই কূটনীতিক জানিয়েছেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) হারায় বাংলাদেশ। পরবর্তী সময়ে শ্রম অধিকার ও শ্রমমান নিয়ে উদ্বেগ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল।

ওই কর্মকর্তা মনে করেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রাথমিক শ্রম সংস্কার উদ্যোগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রাসঙ্গিক সনদগুলোয় বাংলাদেশের অনুসমর্থন ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের পথ সুগম করেছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকারের নতুন শ্রম আইন পাস এবং তা বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ওই কূটনীতিক বলেন, ‘শুধু আইন পাস করাই যথেষ্ট ছিল না। দীর্ঘ সময় ধরে আইনটি বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে হয়েছে আমাদের। শ্রম সংস্কারের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সময় লাগবে। তবে ধারাবাহিক অগ্রগতির কারণে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা পুনর্বহালের পক্ষে যথেষ্ট ভিত্তি তৈরি হয়েছে।’

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত মূল্যায়নের পর চলতি মাসের শুরুতে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতা অনুমোদন করেন।

বিনিয়োগের সম্ভাবনা যেসব খাতে

ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে ডিএফসি। তবে এ বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের উন্নয়ন জরুরি। ডিএফসির অর্থায়ন পেতে বিশ্বাসযোগ্য ও সম্ভাবনাময় প্রকল্প থাকা প্রয়োজন। সে জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএফসির অগ্রাধিকারপ্রাপ্ত সাতটি খাত হলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, স্বাস্থ্যসেবা, জ্বালানি, আর্থিক সেবা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, অবকাঠামো এবং প্রযুক্তি ও টেলিযোগাযোগ। বাংলাদেশের ক্ষেত্রে জ্বালানি এবং প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের বিশেষ সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। তবে অন্য খাতগুলোতেও বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন পর্যন্ত কোনো প্রকল্প চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের পর বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এর আগে কিছু সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হলেও যোগ্যতা অর্জনের আগে সেগুলো মূল্যায়ন করতে পারেনি ডিএফসি। এখন প্রকল্পগুলোর সম্ভাব্যতা ও বিনিয়োগযোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক

ওই কূটনীতিকের মতে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ পথনকশা এবং বাংলাদেশের ভবিষ্যতের ওপর যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। এ ক্ষেত্রে তিনি পারস্পরিক বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক এবং সর্বশেষ ডিএফসির সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

এসব অগ্রগতিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ২০১৮ সালে আধুনিক কাঠামোয় ডিএফসি প্রতিষ্ঠার পর বাংলাদেশই প্রথম দেশ, যেটি এ প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হলো।

ডিএফসির কার্যক্রম ব্যাখ্যা করে ওই মার্কিন কূটনীতিক বলেন, এটি প্রচলিত কোনো উন্নয়ন ব্যাংক নয়; বরং যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগ শাখা। ‘সহায়তা নয়, বাণিজ্য’—এই নীতির অংশ হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। ঋণ, ঋণের নিশ্চয়তা, ঝুঁকি বিমা এবং সরাসরি ইকুইটি বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে যুক্ত হতে পারে ডিএফসি। রাজনৈতিক ঝুঁকি বেশি থাকলেও কোনো প্রকল্পের সম্ভাবনা ভালো মনে হলে সেখানে বিনিয়োগ করতে পারে সংস্থাটি। এ ক্ষেত্রে প্রচলিত বেসরকারি ব্যাংক বা বিনিয়োগকারীদের তুলনায় ডিএফসির ঝুঁকি নেওয়ার সক্ষমতা বেশি।

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

Read full story at source