ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

· Prothom Alo

ছয় সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘চিরকুট’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মিম। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছে একসময় ছিলেন ‘আন–অফিশিয়াল হিরোইন’। শখের অভিনয় থেকে বড় পর্দায় নায়িকা হয়েছেন তিনি। তরুণ এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন মনজুর কাদের

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মজা করে তাঁকে ডাকতেন ‘আন–অফিশিয়াল হিরোইন’। বন্ধুরা যখন আড্ডায় ব্যস্ত, তিনি তখন থাকতেন নাটকের মহড়ায়। অভিনয়ের নেশায় কখনো বাদ পড়ত বন্ধুদের সঙ্গে সময় কাটানো। সেই সময়ের মজার ডাক একদিন যেন সত্যি হয়ে উঠল। এখন তিনি বড় পর্দার নায়িকা। প্রথম সিনেমাতেই পেয়েছেন কেন্দ্রীয় চরিত্র। চিরকুট–এ শিলা চরিত্রে অভিনয় করেছেন। মিমের কাছে এটি শুধু সিনেমায় অভিষেক নয়, নিজের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতির কাছেও ফিরে যাওয়া।

Visit extonnews.click for more information.

আজিজুন মিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন আজিজুন মিম। ২০২১ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। রুমমেট স্বর্ণার মাধ্যমে পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের উজ্জ্বল হোসেনের সঙ্গে। তাঁর কাছ থেকেই আসে অভিনয়ের প্রথম প্রস্তাব। প্রস্তাবের দুদিন পর প্রথম প্রদর্শনী। হয়তো নয়তো নাটকে গল্পকথকের চরিত্রে অভিনয় দিয়ে শুরু। এরপর বিশ্ববিদ্যালয়জীবনে নাট্যদলটির হয়ে ডজনখানেক নাটকের প্রায় অর্ধশত প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

অভিনয়ের হাতেখড়ি হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আজমল হুদা মিঠুর কাছে।

মিম বললেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে এসে আমার কেন জানি অভিনয়টা করতে ইচ্ছা করত। মিঠু ভাইয়ের কাছে হাতেখড়ি। বন্ধুরা যখন আড্ডায় ব্যস্ত, আমি তখন নাটকের মহড়ায় থাকতাম। এ নিয়ে বন্ধুদের অভিযোগেরও অন্ত ছিল না।’

আজিজুন মিম

সাহিত্যের কল্পনার জগৎ থেকে অভিনয়ে

আজিজুন মিমের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরিতে সাহিত্যের ভূমিকা আছে। তাঁর মা আফরোজা লোটাস কুষ্টিয়ার একটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বাবা আব্দুল মজিদ একই এলাকার অন্য একটি কলেজের দর্শনের অধ্যাপক ছিলেন, সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই মায়ের কাছে বাংলা সাহিত্যের নানা বিষয় জানার সুযোগ হয়েছে তাঁর। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পাশাপাশি বেশি আগ্রহ নিয়ে পড়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুচিত্রা ভট্টাচার্যের লেখা। উপন্যাসের চরিত্রগুলো কল্পনায় নিজের মতো করে সাজাতেন। মিমের বিশ্বাস, ছোটবেলার সেই পাঠাভ্যাস তাঁর কল্পনার জগৎকে বড় করেছে, যা অভিনয়ের ক্ষেত্রেও কাজে আসে।

তবে পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। বরং নিজের ইচ্ছাতেই এই পথে এসেছেন তিনি। কুষ্টিয়ার বর্ডার গার্ড পাবলিক স্কুলে পড়াশোনা, পরে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ২০২২ সালে অভিনয় নিয়ে বড় পরিসরে কাজের আশায় ঢাকায় আসেন। তাঁর প্রথম কাজ ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্র। নির্মাতা ছিলেন মুনতাসির আকিব। পরে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। একসময় এই নির্মাতাই তাঁকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন।

আজিজুন মিম

নিজের ক্যাম্পাসে নব্বইয়ের দশকের শিলা

মুনতাসির আকিব পরিচালিত চিরকুট নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। শিলা চরিত্রে অভিনয় করতে নব্বইয়ের দশকের পোশাক, অভিব্যক্তি ও জীবনযাপন ফুটিয়ে তুলতে হয়েছে। নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে অন্য সময়ের গল্পে পর্দায় দেখার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল অন্য রকম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বড় ভাই-আপুদের পুরোনো ছবি দেখে ভাবতেন, তখন প্যারিস রোড কেমন ছিল, তাঁদের পোশাকই বা কেমন ছিল। চিরকুট তাঁকে সেই সময়কে অনুভব করার সুযোগ দিয়েছে।

প্রথম সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়, সঙ্গে শ্যামল মাওলার মতো অভিজ্ঞ শিল্পীর সহশিল্পী হওয়া—সব মিলিয়ে কিছুটা চাপও ছিল। তবে সেটিকে শেখার সুযোগ হিসেবে নিয়েছেন মিম। গত ১৬ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোড়ার গাড়িতে অংশ নিয়েছিলেন তিনি। পরিচিত ক্যাম্পাসে নিজের প্রথম সিনেমার প্রচারণা তাঁর কাছে ছিল আবেগের মুহূর্ত। সিনেমাটি ২০২৭ সালের ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগেও নির্বাচিত হয়েছে।

আজিজুন মিম

অভিনয়ই প্রধান, মাধ্যম নিয়ে ভাবনা নেই

অভিনয়ের বাইরে আবৃত্তির প্রতিও আগ্রহ রয়েছে মিমের। কণ্ঠস্বর নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাঁর। ঢাকায় এসে প্রাচ্যনাটের ৪১তম ব্যাচে প্রশিক্ষণও নিয়েছেন। ভবিষ্যতে ঢাকার কোনো নাটকের দলের সঙ্গে কাজ করতে চান। মঞ্চ, টেলিভিশন নাটক, ওটিটি কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই অভিনয়ের পরিকল্পনা তাঁর। তাঁর কাছে মাধ্যমের চেয়ে গুরুত্বপূর্ণ অভিনয়। অনুপ্রেরণা হিসেবে অভিনেত্রী জয়া আহসানের নাম বললেন মিম। তাঁকে ‘কমপ্লিট প্যাকেজ’ মনে হয় তাঁর।

প্রথম সিনেমার পর নতুন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন মিম। তবে তাড়াহুড়া করতে চান না; ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়াই তাঁর লক্ষ্য।

Read full story at source