কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালের ২২ নভেম্বর শুক্রবার হত্যা করা হয়। আজও সেই খুনের রহস্য উন্মোচিত হয়নি। সেই হত্যাকাণ্ড নিয়ে আমাদের আজকের আয়োজন।

Visit betsport.cv for more information.

ডালাসের সড়কে ছাদখোলা লিমুজিনে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তাঁর স্ত্রী জ্যাকলিন কেনেডি। সামনে টেক্সাসের গভর্নর জন কোনালি। ২২ নভেম্বর ১৯৬৩, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে

১৯৬৩ সালের ২২ নভেম্বর, শুক্রবার। সকালের বৃষ্টি থেমে টেক্সাসের আকাশে রোদ উঠেছে। ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ মানুষের সঙ্গে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তাঁর স্ত্রী জ্যাকলিন। ফার্স্ট লেডির হাতে লাল গোলাপের তোড়া। সামনে শহরের মধ্য দিয়ে গাড়িবহর নিয়ে যাত্রা, তারপর ট্রেড মার্টে মধ্যাহ্নভোজে বক্তৃতা। আরেকটি ব্যস্ত রাজনৈতিক দিনের পরিচিত আয়োজন।

কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সেই আয়োজন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের পটভূমি হয়ে উঠবে, তা হন্তারক বা হন্তারক গোষ্ঠী ছাড়া কে জানত?

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঐতিহাসিক চত্বর ডিলি প্লাজায় পৌঁছায় গাড়িবহর। হিউস্টন স্ট্রিট থেকে বাঁক নিয়ে এলম স্ট্রিট ধরে এগোচ্ছিল প্রেসিডেন্টের ছাদখোলা লিমুজিন। তখনই গুলির শব্দ। কেনেডির ঘাড় ও মাথায় গুলি লাগে। আহত হন সামনে বসা টেক্সাসের গভর্নর জন কোনালিও।

দ্রুত গাড়ি ছুটে যায় পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে। বেলা একটায় চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। জেএফকে প্রেসিডেনশিয়াল লাইব্রেরির ঘটনাপঞ্জিতে এই কয়েকটি সময়চিহ্নের মধ্যেই ধরা আছে একটি রাষ্ট্রের আকস্মিক বিপর্যয়।

কিন্তু ডালাসের ঘটনা কেবল একজন প্রেসিডেন্টের প্রাণহানিতে শেষ হয়নি। সন্দেহভাজন হত্যাকারীকে পুলিশের হেফাজতে হত্যা, তদন্তের সীমাবদ্ধতা, পরস্পরবিরোধী সরকারি সিদ্ধান্ত এবং দশকের পর দশক নথির গোপনীয়তা—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে রাষ্ট্রের বক্তব্য ও নাগরিকের বিশ্বাসের সম্পর্ক বোঝার এক দীর্ঘ অধ্যায়।

ভোটের হিসাব নিয়ে টেক্সাসে

কেনেডির টেক্সাস সফরের পেছনে ছিল ১৯৬৪ সালের নির্বাচনের প্রস্তুতি। পুনর্নির্বাচনের লড়াইয়ে অঙ্গরাজ্যটি তাঁর জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্থানীয় ডেমোক্র্যাটরা বিভক্ত ছিলেন। গভর্নর কোনালির রক্ষণশীল বলয় ও সিনেটর রালফ ইয়ারবরোর উদারপন্থী শিবিরের বিরোধ দলকে দুর্বল করে তুলছিল। টেক্সাসের প্রভাবশালী নেতা ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনও এই রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে ছিলেন।

তৎকালীন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নেতৃত্বাধীন (ওয়ারেন কমিশন নামে পরিচিত) তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, কেনেডির টেক্সাস সফরের লক্ষ্য ছিল দলীয় বিরোধ সামলানো, তহবিল সংগ্রহ এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ।

ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর জন এফ কেনেডি ও জ্যাকলিন কেনেডি। ২২ নভেম্বর ১৯৬৩

২১ নভেম্বর সান আন্তোনিও ও হিউস্টনের কর্মসূচি শেষে কেনেডি ফোর্ট ওয়ার্থে রাত কাটান। পরদিন সকালে সেখানকার অনুষ্ঠান সেরে উড়ে যান ডালাসে। শহর ঘুরে গাড়িবহর নেওয়ার উদ্দেশ্যই ছিল যত বেশি সম্ভব মানুষকে প্রেসিডেন্টকে দেখার সুযোগ করে দেওয়া।

সফরে অস্বস্তির কারণও ছিল। ডালাসে এর এক মাস আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত অ্যাডলাই স্টিভেনসন উগ্র বিরোধীদের হামলার শিকার হয়েছিলেন। কেনেডি সেই রাজনৈতিক উত্তেজনার কথা জানতেন। তবু রাস্তায় মানুষের উষ্ণ অভ্যর্থনা তাৎক্ষণিকভাবে বিপদের আশঙ্কাকে আড়াল করেছিল। বিমানবন্দর থেকে শহরের পথে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

গাড়ির ছাদ খোলা থাকা পরে নিরাপত্তাবিতর্কের প্রতীকে পরিণত হয়। তবে এখানে একটি প্রচলিত ভুল ধারণা সংশোধন জরুরি। সেদিন গাড়ির যে স্বচ্ছ ‘বাবল টপ’ খুলে রাখা হয়েছিল, সেটি বুলেটপ্রতিরোধী ছিল না; মূলত বৃষ্টি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হতো।

ওয়ারেন কমিশনের বিবরণ অনুযায়ী, আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ায় সেটি লাগানো হয়নি। ফলে ছাদটি থাকলেই কেনেডি বেঁচে যেতেন—এমন সিদ্ধান্তের ভিত্তি নেই।

কয়েক সেকেন্ডের বিপর্যয়

লিমুজিনের পেছনের আসনে ছিলেন কেনেডি ও স্ত্রী জ্যাকলিন। তাঁদের সামনে কোনালি দম্পতি। চালকের আসনে সিক্রেট সার্ভিসের উইলিয়াম গ্রিয়ার, পাশে একই সার্ভিসের এজেন্ট রয় কেলারম্যান। এলম স্ট্রিটে গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১১ মাইল।

প্রথম শব্দ শুনে কেউ ভেবেছিলেন পটকা ফুটেছে, কেউ ভেবেছিলেন মোটরসাইকেলের শব্দ। বিপদ বুঝে ওঠার আগেই প্রেসিডেন্ট আহত হন। পেছনের গাড়ি থেকে ছুটে আসেন সিক্রেট সার্ভিসের এজেন্ট ক্লিন্ট হিল। জ্যাকলিন তখন গাড়ির পেছনের অংশের দিকে উঠে গিয়েছিলেন। হিল তাঁকে আসনে ফিরিয়ে এনে নিজের শরীর দিয়ে আড়াল করেন।

বাড়ির আঙিনায় রাইফেল হাতে লি হার্ভে অসওয়াল্ড

পরে ওয়ারেন কমিশনকে জ্যাকলিন জানিয়েছিলেন, গাড়ির পেছনে উঠে যাওয়ার ঘটনাটি তাঁর মনে ছিল না। আতঙ্কের সেই মুহূর্তের দৃশ্য মনে আছে। তবে তাঁর মনের ভেতর কী চলছিল, তার নিশ্চিত বিবরণ নেই।

গুলির ক্রম নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য আছে। জনপ্রিয় বিবরণে প্রায়ই বলা হয়, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট, দ্বিতীয়টি ঘাড়ে এবং তৃতীয়টি মাথায় লাগে। ওয়ারেন কমিশন তিনটি গুলি ছোড়ার বিষয়ে সিদ্ধান্ত দিলেও কোন গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, তা নিশ্চিত করেনি। কমিশনের মতে, দুটি গুলিতে কেনেডি ও কোনালির সব আঘাত সৃষ্টি হয়ে থাকতে পারে; আরেকটি সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হয়।

একই গুলি কেনেডির ঘাড় ভেদ করে কোনালির পিঠ, বুক, কবজি ও ঊরুতে আঘাত করেছিল—এই ব্যাখ্যাই ‘সিঙ্গেল বুলেট থিওরি’। সমালোচকেরা একে ‘ম্যাজিক বুলেট’ বলেন। কমিশন এর পক্ষে জোরালো বিশেষজ্ঞ মত পেলেও কোনালির সাক্ষ্যসহ কিছু বিষয়ে মতভেদের কথা স্বীকার করেছিল। তদন্তের সিদ্ধান্ত ও সংশয়—দুটিই মূল প্রতিবেদনে আছে।

এক হত্যার পর আরেক হত্যা

সেদিনই পুলিশ গ্রেপ্তার করে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির কর্মী লি হার্ভে অসওয়াল্ডকে। তাঁর বিরুদ্ধে কেনেডি এবং ডালাসের পুলিশ কর্মকর্তা জে ডি টিপিটকে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মেরিন অসওয়াল্ড একসময় সোভিয়েত ইউনিয়নে বসবাস করেছিলেন; পরে রুশ স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন।

স্নায়ুযুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়ে অসওয়াল্ডের এই অতীত সন্দেহকে আন্তর্জাতিক মাত্রা দেয়।

অসওয়াল্ড অভিযোগ অস্বীকার করেন। কিন্তু আদালতে সাক্ষ্যপ্রমাণ যাচাই, সাক্ষীদের জেরা কিংবা নিজের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ তাঁর হয়নি।

ডালাস পুলিশ সদর দপ্তরের বেজমেন্টে পুলিশের হেফাজতে থাকা লি হার্ভে অসওয়াল্ডকে গুলি করছেন নাইটক্লাব মালিক জ্যাক রুবি। ২৪ নভেম্বর ১৯৬৩

২৪ নভেম্বর, রোববার। ডালাস পুলিশ সদর দপ্তরের বেজমেন্ট থেকে অসওয়াল্ডকে কাউন্টি জেলে নেওয়া হচ্ছিল। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মধ্যেই এগিয়ে এসে তাঁর পেটে গুলি করেন স্থানীয় এক নাইটক্লাবের মালিক জ্যাক রুবি। অসওয়াল্ডও মারা যান পার্কল্যান্ড হাসপাতালে। যে জাতি প্রেসিডেন্টের হত্যার ব্যাখ্যা খুঁজছিল, তাকে এবার দেখতে হলো পুলিশি হেফাজতে প্রধান অভিযুক্তের হত্যাকাণ্ড।

অসওয়াল্ডের মৃত্যুতে সব প্রমাণ নিশ্চিহ্ন হয়নি। তবে বিচারপ্রক্রিয়ায় সেগুলো পরীক্ষা এবং তাঁর সম্ভাব্য উদ্দেশ্য বা যোগাযোগ সম্পর্কে সরাসরি উত্তর পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে যায়।

ওয়ারেন কমিশনও পরে বলেছিল, জনসমক্ষে তাঁকে স্থানান্তরের সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত ছিল; নিরাপত্তার ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত। এই দ্বিতীয় হত্যাকাণ্ড সন্দেহকে এমন জায়গায় নিয়ে গেছে, যা পরবর্তী কোনো প্রতিবেদন পুরোপুরি প্রশমিত করতে পারেনি।

কী বলেছিল ওয়ারেন কমিশন

২৯ নভেম্বর প্রেসিডেন্ট জনসন প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন। প্রায় ১০ মাস পর ১৯৬৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ৮৮৮ পৃষ্ঠার প্রতিবেদন। কমিশনের সিদ্ধান্ত, ডিপোজিটরি ভবনের ছয়তলার দক্ষিণ-পূর্ব কোণের জানালা থেকে অসওয়াল্ড গুলি করেছিলেন এবং তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

সিদ্ধান্তটির ভিত্তি ছিল উদ্ধার করা রাইফেল, গুলির খোসা ও টুকরা, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, চিকিৎসাসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন প্রমাণ। কমিশন জানায়, অসওয়াল্ড বা রুবির সঙ্গে দেশি–বিদেশি ষড়যন্ত্রের যোগসূত্রের প্রমাণ তারা পায়নি।

কেনেডি হত্যাকাণ্ডের পর ডালাসের লাভ ফিল্ডে এয়ার ফোর্স ওয়ানের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন লিন্ডন বি জনসন। শপথ পড়াচ্ছেন বিচারক সারা টি হিউজ। পাশে লেডি বার্ড জনসন ও জ্যাকলিন কেনেডি। ২২ নভেম্বর ১৯৬৩

তবে প্রতিবেদনটি একটি সীমাও স্বীকার করেছে। অন্য কারও সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, তা চূড়ান্তভাবে নিশ্চিত করে প্রমাণ করা কঠিন। অসওয়াল্ডের উদ্দেশ্য সম্পর্কেও কমিশন নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারেনি। এসব সতর্কতাগুলো মনে রাখা প্রয়োজন। কারণ, ‘ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি’ আর ‘সম্ভাব্য সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে’, দুটি এক কথা নয়।

জনমনে প্রশ্ন থাকার বাস্তব কারণও ছিল। কেনেডিকে রক্ষা করা যায়নি; অভিযুক্তকেও বাঁচিয়ে রাখা যায়নি। তদন্তের জন্য কমিশন অনেকাংশে নির্ভর করেছিল সরকারি সংস্থাগুলোর দেওয়া তথ্যের ওপর। পরে সেই তথ্য আদান-প্রদানের অসম্পূর্ণতা নিয়ে সরকারি তদন্তেই সমালোচনা ওঠে। ফলে অবিশ্বাসের ইতিহাসকে কেবল মানুষের রহস্যপ্রীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না।

যে ভিডিও প্রশ্নকে বাঁচিয়ে রাখল

ডিলি প্লাজায় পোশাক ব্যবসায়ী আব্রাহাম জাপ্রুডারের ক্যামেরায় হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা হয়েছিল। তাঁর সেলুলয়েড ফিল্ম রিলের প্রতিটি ফ্রেম পরে তদন্তের উপকরণ হয়ে ওঠে। গাড়ির অবস্থান, আঘাতের প্রতিক্রিয়া ও সম্ভাব্য সময়ের ব্যবধান বুঝতে তদন্তকারীরা এটি ব্যবহার করেন।

মাথায় আঘাতের পর কেনেডির শরীরের পেছনের দিকে নড়ে ওঠাকে অনেকে সামনে থেকে গুলির প্রমাণ হিসেবে দেখেন। কিন্তু দৃশ্যমান নড়াচড়া থেকেই গুলির উৎস নিশ্চিত করা যায় না। ক্ষতের প্রকৃতি, গুলির গতিপথ, অস্ত্র ও অন্যান্য প্রমাণ একসঙ্গে বিবেচনা করতে হয়। পরবর্তী কংগ্রেসীয় তদন্তও কেনেডিকে আঘাত করা দুটি গুলি পেছন থেকে এসেছিল বলে সিদ্ধান্ত দেয়।

আজও রহস্যাবৃত কেনেডি হত্যাকাণ্ড

দ্বিতীয় তদন্ত, তারপর নতুন সংশয়

১৯৭৯ সালে প্রতিনিধি পরিষদের হাউস সিলেক্ট কমিটি অন অ্যাসাসিনেশনস জানায়, কেনেডি সম্ভবত ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে কমিটি অসওয়াল্ডের গুলি চালানোর সিদ্ধান্ত বহাল রাখে। দ্বিতীয় বন্দুকধারীর সম্ভাবনার পক্ষে গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল ডালাস পুলিশের একটি শব্দ রেকর্ডের বিশ্লেষণ। কমিটি অন্য বন্দুকধারী বা ষড়যন্ত্রের বিস্তার শনাক্ত করতে পারেনি।

একই প্রতিবেদনে প্রেসিডেন্টের নিরাপত্তা, এফবিআইয়ের ষড়যন্ত্র অনুসন্ধান এবং সিআইএর তথ্য সংগ্রহ ও বিনিময়ে ঘাটতির কথাও বলা হয়। ওয়ারেন কমিশনের সিদ্ধান্ত উপস্থাপনে অতিরিক্ত নিশ্চয়তার সমালোচনা করে কমিটি। সরকারি তদন্তের এই আত্মসমালোচনা সংশয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ।

জন এফ কেনেডির মরদেহে শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটনের ক্যাপিটল ভবন থেকে বের হচ্ছেন জ্যাকলিন কেনেডি। সঙ্গে মেয়ে ক্যারোলিন ও ছেলে জন এফ কেনেডি জুনিয়র। ২৪ নভেম্বর ১৯৬৩

কিন্তু ১৯৭৯ সালের সিদ্ধান্ত বলেই থেমে গেলে ইতিহাস অসম্পূর্ণ থাকবে। ১৯৮২ সালে ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের বিশেষজ্ঞ কমিটি ওই শব্দ রেকর্ড পুনর্বিবেচনা করে জানায়, গুলির শব্দ হিসেবে শনাক্ত সংকেতগুলো হত্যাকাণ্ডের প্রায় এক মিনিট পর রেকর্ড করা হয়েছিল। দ্বিতীয় বন্দুকধারীর সিদ্ধান্তের পক্ষে নির্ভরযোগ্য শব্দগত ভিত্তি তারা পায়নি। ফলে সম্ভাব্য ষড়যন্ত্রের পক্ষে ব্যবহৃত একটি প্রধান বৈজ্ঞানিক যুক্তি গুরুতরভাবে দুর্বল হয়ে যায়।

সোভিয়েত ইউনিয়ন, কিউবা, সিআইএ কিংবা মাফিয়াকে ঘিরে বহু ব্যাখ্যা প্রচলিত হয়েছে। কিন্তু কারও সম্ভাব্য উদ্দেশ্য থাকা তাঁর অপরাধের প্রমাণ নয়। ১৯৭৯ সালের কমিটিও সোভিয়েত ও কিউবান সরকারের সংশ্লিষ্টতা নাকচ করেছিল এবং সিআইএ, এফবিআই বা সিক্রেট সার্ভিস হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে সিদ্ধান্ত দেয়নি। প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রমাণকে হত্যার ষড়যন্ত্রের প্রমাণে রূপান্তর করা ইতিহাসের প্রতি সুবিচার হবে না।

অসমাপ্ত জীবনের উত্তরাধিকার

কেনেডির মৃত্যু এত গভীর অভিঘাত তৈরি করেছিল তাঁর বয়স, ব্যক্তিত্ব এবং অসমাপ্ত রাজনৈতিক সম্ভাবনার কারণে। কিন্তু হত্যাকাণ্ডের ট্র্যাজেডি তাঁর শাসনামলের জটিলতাকে মুছে দেয় না। কিউবায় বে অব পিগস অভিযানের ব্যর্থতাও তাঁর প্রশাসনের ইতিহাসের অংশ। বে অব পিগস হলো ১৯৬১ সালের এপ্রিলে কিউবার সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ব্যার্থ অভিযান।

আবার ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটে পারমাণবিক যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে কেনেডির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইতিহাস অনুযায়ী, সমাধান এসেছিল প্রকাশ্য অবস্থানের পাশাপাশি গোপন সমঝোতার কারণে। সোভিয়েত ক্ষেপণাস্ত্র কিউবা থেকে সরবে, যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ করবে না এবং তুরস্ক থেকে মার্কিন জুপিটার ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের ব্যবস্থাও হবে। এগুলোই ছিল সংকটের নিষ্পত্তি, ছিল উভয় পক্ষের ছাড় দেওয়ার ফল।

দেশের ভেতরে নাগরিক অধিকারের প্রশ্নে কেনেডি প্রশাসনের পদক্ষেপও স্মরণীয়। ১৯৬৩ সালের জুনে তিনি বড় ধরনের নাগরিক অধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেন। তাঁর মৃত্যুর পর জনসনের আমলে ১৯৬৪ সালে সেই ঐতিহাসিক আইন পাস হয়। তবে এই অর্জনের কেন্দ্রে ছিল কৃষ্ণাঙ্গ অধিকারকর্মীদের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগ। একজন প্রেসিডেন্টের উত্তরাধিকারের আলোয় তাঁদের ভূমিকা আড়াল করা চলে না।

কিউবায় আক্রমণাত্মক অস্ত্র সরবরাহে বাধা দেওয়ার ঘোষণাপত্রে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, ২৩ অক্টোবর ১৯৬২

১৯৬১ সালে পিস কোর প্রতিষ্ঠা এবং দশক শেষ হওয়ার আগে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যও কেনেডির সঙ্গে যুক্ত আশাবাদের অংশ। তাঁর আবেদন ছিল ভবিষ্যৎকে বড় করে কল্পনা করার আহ্বানে। তাই মৃত্যুতে শোকের সঙ্গে যুক্ত হয়েছিল আরেক অনুভূতি—যে সম্ভাবনার পূর্ণ পরীক্ষা হওয়ার আগেই তার সমাপ্তি ঘটল।

ছাদখোলা গাড়িতে হাসছিলেন প্রেসিডেন্ট কেনেডি, হঠাৎ আততায়ীর গুলি

নথি খুলছে, ইতিহাসও কি শেষ হচ্ছে

২৫ নভেম্বর আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে কেনেডিকে সমাহিত করা হয়। তাঁর সমাধিতে প্রজ্বালিত হয় চিরন্তন শিখা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও শোক ও অনুসন্ধান চলতে থাকে। ডালাস একটি স্থানের নামের পাশাপাশি হয়ে ওঠে আকস্মিক বিপর্যয়ের প্রতীক।

নথি প্রকাশের ইতিহাসেও সম্প্রতি পরিবর্তন এসেছে। মার্কিন জাতীয় আর্কাইভস জানায়, ২০২৫ সালের মার্চে কেনেডি হত্যাকাণ্ডের সংগ্রহভুক্ত, শ্রেণিবদ্ধ থাকার কারণে আগে আটকে রাখা সব নথি প্রকাশ করা হয়। ২০২৬ সালের ৩০ জানুয়ারি আরও ১১ হাজারের বেশি পৃষ্ঠা প্রকাশের তথ্য রয়েছে। তবে আদালতের সিলমোহর, গ্র্যান্ড জুরির গোপনীয়তা বা করসংক্রান্ত বিধিনিষেধ শ্রেণিবদ্ধ তথ্যের গোপনীয়তা থেকে আলাদা। তাই নথির অবস্থা বোঝাতে সবকিছুকে শুধু ‘এখনো গোপন’ বলা যথার্থ নয়।

নতুন নথি গবেষণার সুযোগ বৃদ্ধি করে। কিন্তু কোনো গোয়েন্দা প্রতিবেদনে একটি অভিযোগ লেখা থাকা এবং অভিযোগটি সত্য প্রমাণিত হওয়া এক বিষয় নয়। তথ্যের উৎস, সময়, উদ্দেশ্য ও অন্য প্রমাণের সঙ্গে তার সামঞ্জস্য যাচাই করতে হয়। দীর্ঘ গোপনীয়তা যেমন প্রশ্ন তৈরি করে, তেমনি প্রকাশিত কাগজও নিজে থেকে চূড়ান্ত উত্তর হয়ে ওঠে না।

ডালাসের সেই দুপুরের ছয় দশকের বেশি সময় পর কেনেডি হত্যাকাণ্ড ফিরে দেখার অর্থ তাই শুধু সম্ভাব্য দ্বিতীয় বন্দুকধারী খোঁজা নয়; এর অর্থ নিরাপত্তার ব্যর্থতা, তদন্তের সীমা এবং রাষ্ট্রের জবাবদিহিও পরীক্ষা করা। কেনেডির জীবন থেমেছিল কয়েক সেকেন্ডের সহিংসতায়। সেই মৃত্যুর ইতিহাস এখনো লেখা হচ্ছে—প্রমাণের আলোয়, শোকের ছায়ায় এবং বিশ্বাস হারানো মানুষের অবিরাম প্রশ্নে।

কেনেডি হত্যাকাণ্ড নিয়ে ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ

Read full story at source