তৈমুরের পর গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের জেলাগুলোর জন্য নেওয়া হচ্ছে ১২ অতিরিক্ত এসপি–এএসপিকে

· Prothom Alo

গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে এবার দুই মাসের জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সংযুক্ত করা হয়েছে। তাঁদের সবাইকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কাজ করতে বলা হয়েছে।

গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দুটি প্রজ্ঞাপনের একটিতে আটজন এবং অন্যটিতে চারজন কর্মকর্তার নাম রয়েছে।

Visit tr-sport.click for more information.

এর আগে একই দিন পুলিশ সদর দপ্তরের আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামসহ ১০ জনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। তাঁদের মধ্যে অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তা রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের নতুন দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সময়ে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এসব কর্মকর্তাকে আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১২ কর্মকর্তার মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার। বাকি চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনারও রয়েছেন।

সংযুক্ত করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি), পুলিশ সদর দপ্তর, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গাজীপুর জেলা পুলিশে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া দুজন সহকারী পুলিশ সুপার বর্তমানে সাইবার পুলিশ ইউনিটে আছেন।

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের আজ সোমবারের মধ্যে নতুন সংযুক্তিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

ঢাকা রেঞ্জের আওতায় রয়েছে ১৩টি জেলা। এগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

একই দিনে প্রথমে পুলিশ পরিদর্শক পর্যায়ে ১০ জনকে ঢাকা রেঞ্জে বদলি এবং পরে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পর্যায়ের ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করার আদেশ দেওয়া হলো। তবে এসব কর্মকর্তাকে কোন কোন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

হঠাৎ ঢাকা রেঞ্জে অতিরিক্ত ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করার পেছনে সুনির্দিষ্ট কোনো পরিস্থিতি বা বিশেষ কারণ রয়েছে কি না, সেটিও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়নি।

তবে সম্প্রতি নানা কারণে ঢাকা রেঞ্জের জেলাগুলো আলোচনায় আসছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ পুলিশের ঢাকা রেঞ্জের জেলাগুলো। গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িও পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তিন থানার ওসি বদলি করা হয়।

আবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা জেলা ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে কয়েক সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভ চলছে। ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর, খেজুরবাগান, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও ফুলবাড়িয়ায় শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। অন্যদিকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর, গাছা, ভোগড়া বাইপাস, ছয়দানা এবং শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, যানবাহন ও কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সময় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে দুই জেলার বহু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, মূলত এই দুটি বিষয়কে সামনে রেখেই নতুন পুলিশ কর্মকর্তাদের ঢাকা রেঞ্জ দেওয়া হয়েছে।

Read full story at source