নির্যাতনের শিকার নারীদের আইনের দ্বারস্থ হতে হবে, এগিয়ে আসতে হবে পুরুষদেরও

· Prothom Alo

দেশে নারী নির্যাতনের ঘটনা অনেক ঘটলেও খুব কম নারীই আইনি পদক্ষেপ নেন। অনেকেই নির্যাতনের কথা গোপন রাখেন। আবার যাঁরা আইনের আশ্রয় নিতে চান, তাঁরাও প্রয়োজনীয় সহায়তা পান না। এসব সমস্যার সমাধান না হলে নারী নির্যাতন বন্ধে কোনো অগ্রগতি হবে না।

আজ মঙ্গলবার রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরের সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। তাঁরা পরিবর্তনের পক্ষে এক হতে ও সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

Visit freshyourfeel.com for more information.

বক্তারা ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন। এ জন্য তাঁরা পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

আগামীকাল ২৫ নভেম্বর থেকে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ‘ন্যায়বিচার নিশ্চিত হোক, ভুক্তভোগী সুরক্ষা পান, দায়মুক্তির অবসান ঘটুক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নারী নির্যাতনবিষয়ক জরিপ ২০২৪-এর তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে বিবাহিত নারীদের ৭৬ শতাংশ জীবনে কখনো স্বামী বা সঙ্গীর নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৬৪ শতাংশ নির্যাতনের কথা কাউকে জানাননি। আর মাত্র ৭ শতাংশ নারী নির্যাতনের ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন। নির্যাতনের শিকার নারীদের নীরব থাকার কারণ হিসেবে প্রতিশোধের ভয়, সামাজিক অপমান, অর্থনৈতিক নির্ভরশীলতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, সহায়তা নেওয়ার খরচ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতার কথা উল্লেখ করা হয়েছে।

শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশননির্যাতনের শিকার হওয়ার কথা লুকিয়ে রাখার প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২ জেলার ৪৬টি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ৪ হাজার ৪০টি মামলার নমুনায় দণ্ডাদেশের হার ছিল ৩ শতাংশ। প্রায় ৭০ শতাংশ মামলায় আসামি খালাস পেয়েছেন। একটি মামলার নিষ্পত্তিতে গড়ে ১ হাজার ৩৭০ দিন লেগেছে।

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘নির্যাতনের শিকার হওয়ার কথা লুকিয়ে রাখার প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে পারিবারিক নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। সংসারে নারীদের কোনো মর্যাদা নেই। নির্যাতন প্রতিরোধে আমাদের কৌশলগত ভুল আছে কি না, সেটাও দেখতে হবে। সবার এই প্রতিজ্ঞা করতে হবে যে সামনের বছর অন্তত কোনো একটি জায়গায় পরিবর্তন আনতে পারব।’

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক, অর্থনীতিবিদ ও গবেষক সেলিম জাহান বলেন, কোন পর্যায়ে কী ধরনের সহিংসতা কী প্রভাব ফেলে তা বুঝে ব্যবস্থা নিতে সামগ্রিক উপাত্তকে বিভাজিত হতে হবে। নাগরিক সুরক্ষার অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতার দায় রাষ্ট্র এড়াতে পারে না। আইন বাস্তবায়নে রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, আলোচনায় পুরুষদের অংশগ্রহণ বাড়াতে না পারলে সমস্যার সমাধান হবে না।

নির্যাতনের শিকার নারীদের নীরব থাকার কারণ হিসেবে প্রতিশোধের ভয়, সামাজিক অপমান, অর্থনৈতিক নির্ভরশীলতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, সহায়তা নেওয়ার খরচ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতার কথা উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ বলেন, সংবিধান মৌলিক অধিকার ও রাষ্ট্র আইনি সুবিধা দিলেও বিচার চাইতে গেলে নারী প্রত্যাশা ও প্রাপ্তির ব্যাপক ব্যবধান দেখতে পান। ফলে নির্যাতনের তুলনায় অভিযোগ কম হয়। নারীর ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করে। দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কোটার বিকল্প নেই।

যাঁরা বিচার চাইতে আসেন তাঁরাও যথাযথ সেবা পান না বলে উল্লেখ করেন রাজনীতিবিদ ও চিকিৎসক তাসনিম জারা। তিনি বলেন, ভুক্তভোগী নারী হেল্পলাইন ১০৯, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও নারী নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের সহায়তা নেয়। তবে যাঁরা সেবা দেন তাঁরা যথাযথ সেবা দিতে পারেন না। নিয়মিত বেতন হয় না, যথেষ্ট লোকবল নেই। হেল্পলাইনে তথ্য দিয়ে সেবাই বেশি দেওয়া হয়। এ বিষয়গুলোর উন্নয়ন না করলে অভিযোগ করেও সেবা পাওয়া যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিন বিদেশি প্রতিনিধি। তাঁদের মধ্যে ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব করপোরেশন ফেলিক্স হেলজেসন নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিচার পেতে প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি (রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, সংবাদমাধ্যম ও তথ্য বিভাগের প্রধান) বাইবা জারিনা নারীর প্রতি সব ধরনের অপরাধ বন্ধে সবাইকে হাতে হাতে মিলিয়ে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

বাংলাদেশে ইউএন উইমেন–এর কান্ট্রি প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, ভুক্তভোগীর সুরক্ষা ও বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে, যাতে অপরাধী পার পেয়ে না যায়। যেসব নারী নির্যাতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তাদের কী কী প্রয়োজন তা শুনে নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর জন্য সম্মিলিত উদ্যোগ লাগবে।

সমাপনী বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে পরিবার ও সমাজ থেকে। পরিবারের ছেলেদের সহমর্মী হওয়া ও মেয়েদের আত্মবিশ্বাসী হয়ে ওঠা শেখাতে হবে। নির্যাতন প্রতিরোধে শুধু সচেতনতা সৃষ্টি করলে হবে না, সরকারকে ভুক্তভোগীর সুরক্ষা ও অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা পর্বটি সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার ও সুশাসন কর্মসূচি) বনশ্রী মিত্র নিয়োগী। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থার লিড (ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহিশন) ওয়াসিউর রহমান তন্ময়।

Read full story at source