ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি

· Prothom Alo

ভারতের ককরোচ জনতা পার্টির সহ–আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। সেই কারণেই তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এই কথা জানানো হয়েছে।

লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো অথবা তাঁর যাতায়াতের তথ্য নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি সতর্কতামূলক নির্দেশ বা অনুরোধ।

Visit betsport.cv for more information.

সহজ ভাষায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা তদন্ত চললে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তাঁর নামে লুক আউট সার্কুলার জারির উদ্যোগ নিতে পারে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে এই তথ্য দাখিল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। তিনি জানান, ওই লুক আউট সার্কুলার জারি করেছিল মুম্বাই পুলিশ, ২৩ নভেম্বর। ওই দিনই রাত একটার ফ্লাইটে সৌরভের লন্ডন রওনা হওয়ার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

যাত্রা ভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ সৌরভ গত বুধবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাঁর বিদেশ যাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লুক আউট সার্কুলার জারি হওয়ার বিষয়টি জানানো হয়।

এই মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। সেদিন রিজিওনাল পাসপোর্ট অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে এজলাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিত মহাজন।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৌরভকে বিমানবন্দরে আটকে দেওয়ার প্রসঙ্গটি তোলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল উত্তরে বলেছিলেন, সৌরভের পাসপোর্টে অসংগতি ধরা পড়েছে। তাঁর জন্মস্থান কোথায়, সেই উল্লেখ পাসপোর্টে ছিল না।

আজ অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা হাইকোর্টে বলেন, সৌরভের পাসপোর্টে বেশ কিছু অসংগতি দেখা গেছে। পদুচেরির পুলিশ সুপারের করা গত ২০ আগস্টের এক তদন্ত রিপোর্টের উল্লেখ করে তিনি জানান, সৌরভের পাসপোর্টের নথিতে তাঁর স্কুলজীবন, বসবাসের ঠিকানা, বাবার পরিচয়সংক্রান্ত বিষয়ে অসংগতি দেখা গেছে। পাসপোর্টে বাবার নামের জায়গায় তিনি কিছু লেখেননি। কোনো নথিতে পদুচেরি, আবার কোনো নথিতে দিল্লির ঠিকানা দেওয়া ছিল। চেতন শর্মা বলেন, এই সব অসংগতির জন্য তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।

সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়, ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা বেজে ৩২ মিনিটে সৌরভ দাসকে শোকজ নোটিশ পাঠানো হয়। তার ঠিক ৪ মিনিট পর জারি করা হয় এক ‘ট্রাভেল অ্যাডভাইজারি’। পাসপোর্টের নথিতে অসংগতির বিষয়টি ব্যাখ্যা করার জন্য সৌরভকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্ট বাতিল করা হয়নি। তাঁকে শুধু বলা হয়েছে, এই সব অসংগতির জন্য তিনি বিদেশে যেতে পারবেন না।

সৌরভের আইনজীবী অখিল সিবাল সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাঁর মক্কেলকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে সেই কথাও জানানো হয়নি। বিমানবন্দরে এসে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে। সেই সময়েই তিনি শোকজ নোটিশের কথা জানতে পারেন। অখিল সিবাল বলেন, কারও বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হলে তাঁকে সেটা জানাতে তো হবে? দেশের নাগরিকের সঙ্গে এই ব্যবহার কি করা যায়?

সৌরভের আইনজীবী সার্কুলারের প্রতিলিপি দাবি করলে সরকার পক্ষ তাঁকে বলেন, প্রতিলিপি দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, সার্কুলার জারির বিষয়টির বৈধতা আলাদাভাবে আইনি পথে চ্যালেঞ্জ জানানো যেতে পারে।

বিমানবন্দরে বাধা পাওয়ার পর সৌরভ গত বুধবার ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘বিজেপি–ঘনিষ্ঠ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এবার আমার পাসপোর্টও ফাঁস করেছে। এটা গভীর উদ্বেগের বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় কি জানাতে পারে এভাবে কারও পাসপোর্টের তথ্য ফাঁস করে দেওয়া আকছার ঘটে কি না? অনুমতি ছাড়া ইন্টারনেটে কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া কি নতুন ভারতে আইনত বৈধ হয়ে গেছে?’

সৌরভ ‘এক্স’ হ্যান্ডলে আরও লিখেছেন, ‘বিজেপির অনুগামীরা প্রথমে আমার দিল্লির বাসস্থানের ঠিকানা ফাঁস করে। তারপর তারা তাঁবেদার ইউটিউবারদের পাঠায় আমার বাড়িতে। আমার অনুপস্থিতিতে তারা জবরদস্তি করে সেখানে ঢুকে পড়ে। তারপর তারা আমার পরিবার নিয়ে আজগুবি সব গল্প ফাঁদে। আমার বিকৃত ছবিও ছাপায়। এবার তারা আমার পাসপোর্টের নথি প্রকাশ করে বোকা বোকা আখ্যান তৈরি করছে।’

সৌরভ এই মহলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি সব হিসাব রাখছেন। সরকার আসবে যাবে। কোনো সরকারই চিরকাল থাকবে না। যখন সময় আসবে এই সব লোককে আইনি ক্রোধের মুখোমুখি হতে হবে। দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় তখন আর থাকবে না। সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকেও মুখর হয়েছেন। তিনি বলেছেন, সরকারের ঘর থেকে সৌরভের পাসপোর্টের নথি ফাঁস হয়ে বিজেপির সমর্থকদের হাতে হাতে ঘুরছে। আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি যেখানে প্রধানমন্ত্রীর ডিগ্রির হদিস কেউ পায় না অথচ একজন নাগরিকের পাসপোর্টের নথি সবাই জেনে যায়!

Read full story at source