আটক বাংলাদেশিদের দিকে নজর দিন

· Prothom Alo

ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমিয়ে আটককেন্দ্রে দিন কাটানো কিংবা সাগরে প্রাণ হারানোর ঘটনা প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে। এরপরও বাংলাদেশি তরুণদের অনিরাপদ পথে ঝুঁকিপূর্ণ ইউরোপযাত্রা বন্ধ করা যাচ্ছে না। ২৩ নভেম্বর প্রথম আলোর খবরে গ্রিসের বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে আটক থাকা বাংলাদেশিদের দুর্দশার যে চিত্র উঠে এসেছে, তা এককথায় উদ্বেগজনক। ছয় হাজারের বেশি বাংলাদেশি তরুণ গ্রিসের বন্দিশিবিরে আটক আছেন।

Visit saltysenoritaaz.com for more information.

জমিজমা বিক্রি করে, চড়া সুদে ঋণ নিয়ে একেকজন তরুণ ১৪ থেকে ২৬ লাখ টাকা খরচ করে বিদেশ পাড়ি জমিয়েছেন। প্রবাসে কাজ করে যেখানে শুধু নিজের নয়; পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার কথা, সেখানে উল্টো দেশ থেকে টাকা পাঠালেই তাঁরা খাবার পাচ্ছেন। এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই দেশে ফিরতে চাইছেন।

অবৈধ পথে অনিরাপদ অভিবাসনই প্রমাণ করে, বাংলাদেশে মানব পাচারকারী চক্র কতটা নিরাপদ ও দায়মুক্তি নিয়ে তাদের প্রতারণা চালিয়ে যেতে পারে। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তারা একেকটা পরিবারের শেষ সম্বলটুকুও হাতিয়ে নিচ্ছে। লিবিয়ার মতো দেশে আটকে রেখে ভাগ্যান্বেষী তরুণদের নির্যাতন, অনাহার ও অনিরাপদ পরিবেশে থাকতে বাধ্য করা হচ্ছে। এরপর বাতাসভরা রাবারের নৌকায় করে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হচ্ছে। এ ধরনের নৌকায় ইউরোপ পাড়ি জমাতে গিয়ে অতিরিক্ত যাত্রী, খাবার ও পানির অভাবে অনেক তরুণই প্রাণ হারাচ্ছেন।

প্রশ্ন হচ্ছে, এত বড় ঝুঁকি জেনেও তরুণেরা কেন ভূমধ্যসাগর পেরোতে জীবন বাজি রাখছেন? এর উত্তর খুঁজতে দেশের কর্মসংস্থান পরিস্থিতির দিকে তাকাতে হবে। প্রতিবছর প্রায় ২৪ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন। এর মধ্যে দেশে কর্মসংস্থানের সুযোগ হয় মাত্র ১২-১৩ লাখ তরুণের। বাকি তরুণদের জীবিকার সন্ধানে বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে হয়। সরকারি-বেসরকারি মিলিয়ে খুব কমসংখ্যক তরুণই জীবনযাপনের জন্য শোভন আয় করতে পারেন। দেশে কর্মসংস্থানের এই করুণ পরিস্থিতির সুযোগ নিচ্ছে মানাব পাচারকারী চক্র। ফলে শুধু সচেতনতামূলক প্রচারে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ পাড়ি জমানোর এই প্রবণতা বন্ধ করা যাবে না। দেশে বিনিয়োগ বাড়ানোর পরিবেশ তৈরি করে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টি করাটাই সবচেয়ে জরুরি।

আমরা মনে করি, বৈধ অভিবাসনের পথ সহজ করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গ্রিসের সঙ্গে বাংলাদেশের কর্মী পাঠানোর সমঝোতা থাকলেও প্রশাসনিক ও ভিসা জটিলতায় তার সুফল মিলছে না। বছরে চার হাজার কর্মী যাওয়ার সুযোগ থাকলেও দুই বছরে ৫০০ জনের কম কর্মী পৌঁছানোর তথ্যটি এ ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে। তাই দ্বিপক্ষীয় চুক্তি কার্যকর করা, চাহিদাভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

যাঁরা গ্রিসের আটককেন্দ্র থেকে দেশে ফিরতে চান, তাঁদের প্রতিও সরকারের দায়িত্ব রয়েছে। শুধু দেশে ফেরার ব্যবস্থা করলেই শেষ হবে না। অনেকেই জমি বিক্রি করে বা ঋণ করে বিদেশে গেছেন। ফিরে এসে তাঁদের সামনে জীবিকা ও ঋণ পরিশোধের কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। তাই প্রত্যাবাসনের পাশাপাশি তাঁদের আইনি সহায়তা, ঋণ পুনর্বাসন, আর্থিক প্রণোদনা, দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ এবং দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গ্রিসের আটক বাংলাদেশিদের তালিকা সংগ্রহ, তাঁদের আইনি অবস্থার খোঁজ নেওয়া এবং স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাসকে সক্রিয় উদ্যোগ নিতে হবে।

তরুণদের বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষাকে অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে পুঁজি করে যেন মানব পাচারকারীরা তাঁদের জীবন ও পরিবারের সর্বস্ব কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ অভিবাসন ও দেশে কাজের সুযোগ সৃষ্টি করা দুটিই জরুরি।

Read full story at source