দিনাজপুরে এসপির গাড়িচালককে মারধর, সড়ক অবরোধের অভিযোগে বাসচালক গ্রেপ্তার

· Prothom Alo

দিনাজপুরের হাকিমপুরে পুলিশ সুপারের (এসপি) ভাড়া করা মাইক্রোবাসের চালককে মারধর ও যাত্রীবাহী বাস দিয়ে সড়ক অবরোধ করার অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে হাকিমপুর পৌরশহরের চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেনের ভাড়া করা মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিক (৩২) বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মাইক্রোবাসের চালককে মারধর ও সড়ক অবরোধের ঘটনায় গতকাল রাতে হিলি চারমাথা মোড়ে হিলি-ঘোড়াঘাট ও হিলি-জয়পুরহাট আঞ্চলিক পাকা সড়কে দূরপাল্লা ও স্থানীয় যানচলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার তোতা মিয়ার ছেলে। তিনি এস আর ট্রাভেলসের চালক।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন গতকাল শনিবার ছুটিতে নওগাঁয় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে তিনি নওগাঁ থেকে তাঁর শ্বশুরবাড়ি জয়পুরহাট হয়ে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে ঠাকুরগাঁও ফিরছিলেন। পথে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় জয়পুরহাট-হিলি পাকাসড়কে পেছন থেকে আসা যাত্রীবাহী এস আর ট্রাভেলস মাইক্রোবাসকে অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে পাশে চাপিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হওয়ার উপক্রম হয়।

এ ঘটনায় সেখানে মাইক্রোবাসের চালক ও বাসচালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে যাত্রীবাহী বাসচালক হিলি চারমাথা মোড়ে গিয়ে বাস দিয়ে সড়কে ব্যারিকেড দেন এবং পুলিশ সুপারের মাইক্রোবাসটির পথ রোধ করেন। পরে বাসচালক হাফিজুল ইসলাম মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিককে মারধর ও গালিগালাজ করেন। এ সময় স্থানীয় পরিবহন চালকেরা তাঁদের গাড়ি দিয়ে পুরো চারমাথা মোড় অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে মব সৃষ্টির অভিযোগে বাসচালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ও গ্রেপ্তার চালকের মুক্তির দাবিতে স্থানীয় পরিবহন চালকেরা ওই রাতে মিছিল নিয়ে থানায় গিয়ে সেখানে বিক্ষোভ করেন।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাসচালক হাফিজুল ইসলামকে আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

Read full story at source