বইমেলায় নিরালা পরিবেশ

· Prothom Alo

শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটিতে মেলার পরিবেশ ছিল প্রাণবন্ত। তবে গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে অমর একুশে বইমেলায় আবার নিরালা পরিবেশ। জনজীবনে এখন ক্রমেই ঈদের আমেজের প্রভাব বাড়ছে। ঈদের কেনাকাটা, ঘরে ফেরার প্রস্তুতি, এসব নিয়েই প্রতিদিনের ব্যস্ততা। এর মধ্যে বই কেনার জন্য মেলায় আসার আলাদা করে সময় বের করাটাও অনেকের কাছে বেশ কঠিন।

Visit milkshakeslot.lat for more information.

আবহাওয়া এখন বেশ চমৎকার। বিকেল থেকে আকাশ থাকে খানিকটা মেঘলা। উদ্যানের গাছগাছালির শাখায় শাখায় উদ্গত নতুন পাতা ও ফুলের রাশি ছুঁয়ে আসা এক রকমের ভেষজ সৌরভমাখা বাতাস বইতে থাকে। লোকজন কম থাকায় শোরগোলও কম। আগতরা বিভিন্ন গাছের তলায় কংক্রিটের বেঞ্চে বা জলাধারের পাশের বেঞ্চে বসে আলাপচারিতায় মগ্ন থাকেন। গতকাল সন্ধ্যার পর বাতিঘর ও স্বপ্ন ’৭১ প্রকাশনের স্টলের সামনে কথা হলো লেখক ও প্রকাশকদের সঙ্গে।

মিরপুর মনিপুর স্কুল ও কলেজের ইংরেজির শিক্ষক কবি আয়শা জাহান নুপূর বললেন, ‘লেখক হিসেবে বলব মেলায় এই পরিবেশ প্রকাশকদের জন্য বেশ কঠিন। স্কুল–কলেজে ছুটি হয়েছে। সবাই ঈদের কেনাকাটা করছে। ফলে বইয়ের ক্রেতা কম। তবে বই কেনার জন্য পরিবেশ ভালো। ভিড়ভাট্টা না থাকায় স্বস্তির সঙ্গে দেখেশুনে, দু–একটা পাতায় চোখ বুলিয়ে বই বাছাই করা যায়।’ তিনি কাল বেশ কয়েকটি বই কিনেছেন। এর মধ্যে রয়েছে তরুণ লেখক পার্থ প্রতীম দের উপন্যাস তিলপর্ণিকা, স্বপ্ন ’৭১ থেকে সাহাদাত পারভেজের ভাষা আন্দোলন: পাঁচ আলোকচিত্রীর চোখে, এলিজা বিনতে এলাহীর ভ্রমণ গদ্য ঐতিহ্য ভ্রমণ দেশে দেশেসহ আরও বেশ কিছু।

মেলার পরিবেশ সম্পর্কে বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ বললেন, মেলায় এবার প্যাভিলিয়ন না থাকায় দৃশ্যপটে একটা বড় রকমের পরিবর্তন হয়েছে। স্টলের সারির মধ্যে প্রশস্ত পথ। পাঠকের পক্ষে কোনো নির্দিষ্ট প্রকাশনার স্টল খুঁজে পাওয়া সহজ। আবার প্রকাশকদের জন্যও সব বই পাঠকের সামনে তুলে ধরা সহজ হয়েছে। বাতিঘর থেকে এবার মঙ্গলকুমার চাকমার তিন খণ্ডের পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন নামের একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক বইসহ অনেক নতুন ও আগের বইয়ের নতুন সংস্করণ এসেছে।

নতুন বই

মেলার তথ্যকেন্দ্রের তালিকা অনুসারে গতকাল নতুন বই এসেছে ৭৫টি। অনিন্দ্য প্রকাশ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ লড়াইটা কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধেই, অনুপ্রাণন প্রকাশনী এনেছে মঞ্জু সরকারের গল্পগ্রন্থ শখের বাগানে সাপ, অনুপম এনেছে শান্তা শ্রীমানীর ইতিহাসবিষয়ক বই মোঘল গার্ডেন, ইউপিএল এনেছে আলী রীয়াজের প্রবন্ধ সংকটময় যাত্রা, ঐতিহ্য এনেছে সাদ উর রহমানের ইতিহাসবিষয়ক গ্রন্থ মোগল মুদ্রা ও জাহাঙ্গীরনগর, বাংলা একাডেমি এনেছে মোহাম্মদ আজম সম্পাদিত গল্পগ্রন্থ জুলাই গণ-অভ্যুত্থানের গল্প, কথাপ্রকাশ এনেছে হারুন রশীদের ইতিহাসবিষয়ক গ্রন্থ রাজকীয় জলদস্যু বণিক সমিতি, সাহিত্য দেশ এনেছে আরিফ মজুমদার অনূদিত সমরকৌশলবিষয়ক কালজয়ী গ্রন্থ সান জু’র দ্য আর্ট অব ওয়ার।

প্রথমায় পাঠক

গতকাল প্রথমা প্রকাশনের স্টলে নিরিবিলি পরিবেশে পছন্দের বই কিনতে এসেছিলেন অনেক পাঠক। নতুন এসেছে জহির রায়হানের অগ্রন্থিত গল্পগুচ্ছ ২: কয়েকটি নদী ও একটি সমুদ্র। নতুন আসা বইয়ের মধ্য মতিউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী: ১৯৯৬-২০১০, আগে প্রকাশিত এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে, জিয়াউদ্দিন এম চৌধুরীর অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর, একাত্তরের চিঠি ও মুহাম্মদ হাবিবুর রহমানের সরল বঙ্গানুবাদ: কোরান শরিফ বইগুলো বেশি চলেছে।

সংসদের দিনগুলি

বিরোধীদলীয় সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে তাঁর স্পষ্টবাদী ও সাহসী ভূমিকায় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রথমা প্রকাশনের সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর বইটিতে তিনি তাঁর প্রথমবারের সংসদ সদস্যজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

‘মধ্যরাতের নির্বাচন’ বলে পরিচিত ২০১৮ সালের পাতানো নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র সাতটি আসন। আর একটি সংরক্ষিত মহিলা আসন পায় দলটি। দলের মনোনয়ন পান রুমিন ফারহানা। সংসদের প্রায় সব আসনই তখন আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর দখলে। এমন একটি বৈরী পরিবেশে শুরু থেকেই সংসদে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁকে। কেমন ছিল রুমিন ফারহানার সেই দিনগুলো? সেই অভিজ্ঞতার প্রাঞ্জল বর্ণনা রয়েছে বইটিতে।

রুমিন ফারহানার জন্ম ঢাকায়। বাবা ভাষাসৈনিক ও রাজনীতিক অলি আহাদ, মা শিক্ষাবিদ রাশিদা বেগম। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে ডিপ্লোমা ও এলএলবি (অনার্স) পাস করার পর প্রথমে সেখানকার সিটি ইউনিভার্সিটিতে পেশাগত প্রশিক্ষণ নেন। পরে বিখ্যাত লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন। দেশে ফিরে আইন ব্যবসা শুরু করেন। একাদশ জাতীয় সংসদে ও সংসদের বাইরে তাঁর বলিষ্ঠ ভূমিকা ও স্পষ্ট বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করে। টিভি টক শোগুলোতে রয়েছে তাঁর সরব উপস্থিতি। তিনি ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন রুমিন ফারহানা।

Read full story at source