রাজধানীতে এসএমই বৈশাখী মেলা শুরু হচ্ছে কাল, কী কী থাকছে

· Prothom Alo

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী এসএমই বৈশাখী মেলা। আগামীকাল রোববার (১২ এপ্রিল) এ মেলা শুরু হবে, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার উদ্বোধন করবেন।

Visit extonnews.click for more information.

মেলায় দেশের দেড় শর বেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে উপস্থিত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

এসএমই বৈশাখী মেলা যৌথভাবে আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এ আয়োজন একাধারে উৎসব, সংস্কৃতি ও ব্যবসার এক মিলনমেলা। মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকবে বৈশাখী শোভাযাত্রা, দেশের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের বিখ্যাত সব বাংলা খাবার।

এসএমই বৈশাখী মেলায় গ্রামীণ মেলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে। এর অংশ হিসেবে মেলায় থাকবে নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখি খেলা ও বানর খেলার মতো নানা আয়োজন। আরও থাকবে বেলুন শুটিং, রণপা, পালকি, ফায়ার শো, ঢাকঢোল ও বাউলগান। শিশুদের জন্য থাকছে বিশেষ কিডস জোন, পাপেট শো ও ফেস পেইন্টিং। এ ছাড়া প্রতিদিনই গান, নাচ, লোকজ পরিবেশনার মতো লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

মেলায় ৩০০টির বেশি স্টল থাকবে। এসব স্টলে দেশি পোশাক, হস্তশিল্প ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করা হবে। আয়োজকেরা জানান, পয়লা বৈশাখকে কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্র্যান্ড ও পণ্য প্রসারের বিশেষ সুযোগ করে দেবে এ মেলা। আবার গ্রাহকেরাও তাঁদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য কেনার সুযোগ পাবেন। এ ছাড়া মেলা প্রাঙ্গণে থাকবে ৩০টির বেশি খাবারের স্টল, যেখানে দেশি পিঠাপুলিসহ নানা ধরনের খাবার পাওয়া যাবে।

এসএমই বৈশাখী মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট রয়েছে। এর মধ্যে সাধারণ টিকিটের মূল্য ৩০ টাকা এবং যাঁরা ভিড় এড়িয়ে দ্রুত মেলায় প্রবেশ করতে চান, তাঁদের জন্য এক্সপ্রেস পাস ফি ২০০ টাকা।

Read full story at source