পলাশে উপবিদ্যুৎকেন্দ্রে লাইনম্যান ও নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে মালামাল লুট

· Prothom Alo

নরসিংদীর পলাশ উপজেলার একটি উপবিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রহরী এবং লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন উপজেলার ভাগদী সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।

Visit saltysenoritaaz.com for more information.

সাব-স্টেশন থেকে লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেব্‌ল ও রাইজারের তার। বিতরণ লাইন থেকে এসব মালামাল লুট হওয়ায় উপজেলার ভাগদীসহ পাঁচ গ্রামের বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, ভাগদী সাবস্টেশনটি ৩৩/১১ কেভি বিতরণ লাইনের ২০ এমভিএ উপকেন্দ্র। আজ ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত ছিলেন লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিন। তাঁদেরকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন অস্ত্রধারী। এ সময় বিতরণ লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেব্‌ল ও রাইজারের তার কেটে নিয়ে যায় তারা। এর ফলে উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশকে খবর জানান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দ্রুতই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Read full story at source