বিশ্বকাপে ফিফা শাস্তির নিয়ম পাল্টানোয় সুবিধা পেল আর্জেন্টিনা

· Prothom Alo

২০২৬ বিশ্বকাপের জন্য শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে ছোটখাটো নিষেধাজ্ঞার (কার্ডজনিত) শাস্তি চূড়ান্ত আসরে কার্যকর হবে না। ফিফার এই সিদ্ধান্তে স্বস্তি ফিরছে আর্জেন্টিনা ও ইকুয়েডর শিবিরে। এর ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদো।

গত শুক্রবার ফিফা জানায়, বিশ্বকাপে দলগুলো যাতে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারে, সেটি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলার স্বচ্ছতা ও টুর্নামেন্টের মর্যাদা অক্ষুণ্ন রাখাই এই নিয়মের লক্ষ্য।

Visit sportbet.reviews for more information.

কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর ২০২৬ বিশ্বকাপ নীতিমালার ১০ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর উপধারা সংশোধনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিলের ব্যুরো।

সংশোধিত নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে বিভিন্ন ম্যাচে দেখা একটি হলুদ কার্ড বা এর ফলে পাওয়া এক অথবা দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল পর্বে কার্যকর হবে না। এ ছাড়া দুটি হলুদ কার্ডের কারণে দেখা লাল কার্ড, প্রতিপক্ষের গোল করার নিশ্চিত সুযোগ নস্যাৎ করার কারণে পাওয়া সরাসরি লাল কার্ড বা গুরুতর ফাউলের জন্য পাওয়া নিষেধাজ্ঞাও বিশ্বকাপের মূল পর্বে কার্যকর হবে না।

আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি

তবে ফিফা জানিয়েছে, ‘বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড পাওয়ার ফলে অন্য যেকোনো ধরনের স্থগিত নিষেধাজ্ঞা বা স্থগিত ম্যাচ মূল আসরেও বহাল থাকবে।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত বৃহস্পতিবার জানায়, ওতামেন্দিকে প্রথম ম্যাচে খেলানোর বিষয়ে তারা ফিফা ব্যুরোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। গত বছর সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার।

বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

একই ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন ইকুয়েডরের মিডফিল্ডার কাইসেদো। ওতামেন্দি ও কাইসেদোর পক্ষে দেনদরবারে যুক্ত ছিলেন দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিনগুয়েজ।

এর আগে গত নভেম্বরে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা কাটানোর পথও পরিষ্কার হয়ে যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান রোনালদো। তবে ফিফা এই নিষেধাজ্ঞায় শেষ দুটি ম্যাচ স্থগিত করায় বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে পারবেন এই মহাতারকা।

ময়জেস কাইসেদো

গত সপ্তাহে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় নিয়মে আরও কিছু বদল আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্বের পর ফুটবলারদের দেখা একটি করে হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। ১৬ জুন কানসাস সিটিতে ‘জে’ গ্রুপ থেকে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপের ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

Read full story at source