কিংবদন্তিদের ফেবারিট ফ্রান্স–স্পেন, আর্জেন্টিনা নাম বললেন কে
· Prothom Alo

বিশ্বকাপের আরাধ্য ট্রফিটা উঠবে কার হাতে? নানা মুনির নানা মত, তবে ফুটবল কিংবদন্তিরা যখন কিছু বলেন, তা দাবি করে আলাদা মনোযোগ—
গ্যারি লিনেকার (ইংল্যান্ড)
ফ্রান্সের স্কোয়াডটা অবিশ্বাস্য, তাই নয় কি! কিন্তু আমি স্পেনের ওপর বাজি ধরব। আমার মনে হয়, তারা এক যুগেরও আগে (২০১০ বিশ্বকাপে) যেটা করেছিল, সেটা আবারও করতে পারবে। পর্তুগালেরও একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। এমনকি আর্জেন্টিনা-ব্রাজিলকেও বাদ দেওয়া উচিত নয়। তবে সবকিছুর পর চাইব, ইংল্যান্ডই জিতুক। তবে তাদের শিরোপাজয়ের ভবিষ্যদ্বাণী করা একটু কঠিন।
Visit newsbetting.bond for more information.
রোমারিও (ব্রাজিল)
আমরা অনেকটা ১৯৯৪–এর পরিস্থিতিতে আছি। ব্রাজিল দলটা খুব গোছানো অবস্থায় নেই। আমি আশা করব, ব্রাজিল জিতবে, তবে কাজটা হবে খুব কঠিন। আমি পাঁচটা দলকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখতে চাই—ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও জার্মানি।
আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা)
আর্জেন্টিনার বাইরে আমি ফ্রান্সকে ফেবারিটদের মধ্যে দেখছি, কারণ তাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। স্পেনের দলটাও খুব ভালো, ফর্মেও আছে। এখন দেখতে হবে ওদের চোটে থাকা খেলোয়াড়েরা ফিট হতে পারে কি না। পর্তুগালের কথাও বলব, কারণ ওদের ভিতিনহা ও জোয়াও নেভেসের মতো ভালো খেলোয়াড় আছে।
ইয়ুর্গেন ক্লিন্সমান (জার্মানি)
আমি কেন যেন পর্তুগালের সঙ্গে গতবারের আর্জেন্টিনা দলের মিল পাচ্ছি। গতবার আর্জেন্টিনা দল যেমন মেসির জন্য খেলেছিল, এবার রোনালদোর জন্য পর্তুগাল তেমন খেলতে পারে। আর পর্তুগালের দারুণ কিছু খেলোয়াড় আছে আর খুব খুব ভালো একটা কোচ—রবার্তো মার্তিনেজ। আমি দ্বিতীয় ফেবারিট হিসেবে ব্রাজিলের নাম বলব।
ডেভিড বেকহাম (ইংল্যান্ড)
ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে ৬০ বছরের বেশি হয়ে গেছে। আশা করছি, এবারই অপেক্ষার শেষ হবে। আমি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিলকে ফেবারিটদের তালিকায় রাখছি। আর চমক বলতে কারও কথা বলতে হলে জাপানের কথা বলব। আমার মনে হয়, তাদের দলটা খুবই ভালো, ওরা এবার কিছু একটা করতে পারে।
বিশ্বকাপ কে জিতবে—এটা কোনো প্রশ্ন হলো!জেরার্ড পিকে (স্পেন)
আমার জয়ী দল স্পেন। ফাইনাল হবে স্পেন ও ফ্রান্সের মধ্যে। লামিন ইয়ামাল হবে সেরা খেলোয়াড়। মরক্কো চমকে দিতে পারে গতবারের মতো। আর কেন যেন মনে হয় ব্রাজিল এবার হতাশ করবে। সবচেয়ে বেশি গোল করবে কিলিয়ান এমবাপ্পে। আর যদি তরুণ কোনো খেলোয়াড়ের কথা বলতে হয়, মেক্সিকোর আরমান্ডো গঞ্জালেজের কথা বলব।
থিয়েরি অঁরি (ফ্রান্স)
আমি ফ্রান্সের হাতে ট্রফি দেখতে পাচ্ছি, কারণ তাদের স্কোয়াডের গভীরতা অনেক বেশি। তবে বড় দলের বাইরে নরওয়ের ওপর চোখ রাখতে বলব। বাছাইপর্বে তারা গ্রুপের শীর্ষে ছিল, ইতালিকে নিজেদের ও ইতালির মাঠে গিয়ে হারিয়ে এসেছিল। এর বাইরে আমি সেনেগাল ও মরক্কোর কথাও বলব। এরাও ভালো করবে।
এডউইন ফন ডার সার (নেদারল্যান্ডস)
গোল্ডেন বুট পাবে হ্যারি কেইন। গোল্ডেন গ্লাভস পাবে ম্যানুয়েল নয়্যার। নেদারল্যান্ডস সবাইকে চমকে দিতে পারে। স্পেন কেন যেন মনে হয় অত ভালো করবে না। আর চ্যাম্পিয়ন হিসেবে আমি আর্জেন্টিনার কথা বলব।
যে বিশ্বকাপের পদে পদে ট্রাম্পের আমেরিকার ছাপ