গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন

· Prothom Alo

গাজীপুরে টায়ার থেকে তেল (ফার্নেস অয়েল) উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত। পরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন’ নামে একটি কারখানায় পুরোনো টায়ার গলিয়ে তেল উৎপাদন করা হতো। সেখানে ব্যবহৃত বয়লারটি অতিরিক্ত তাপমাত্রার কারণে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটিতে পুরোনো টায়ার, মবিলসহ দাহ্য পদার্থ মজুত থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা আশপাশের পুরো এলাকা ঢেকে ফেলে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যান।

Visit freshyourfeel.org for more information.

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করছিল, যার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ার সমস্যা দেখা দিত। তারা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এ ধরনের কারখানাকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা বেলা সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরের বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণে সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন সম্পূর্ণ নেভানোর পর ভেতরে তল্লাশি করে বিস্তারিত পরিস্থিতি জানা যাবে।’

Read full story at source