ইউআইইউতে ‘নেক্সাস সেমিনার সিরিজ’ শুরু

· Prothom Alo

ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্যে ‘নেক্সাস সেমিনার সিরিজ’ চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই)। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের চাপ এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক ব্যয়ের মতো চ্যালেঞ্জের প্রেক্ষাপটে গবেষণাভিত্তিক নীতি সংলাপ ও শিল্প খাতের অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিরিজটির প্রতিটি আয়োজনে শিল্প খাতের পেশাজীবীদের নেতৃত্বে আলোচনা হবে, যেখানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবেন।

Visit rouesnews.click for more information.

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কৃষি অর্থনীতিবিদ ইফতিখার মোস্তফা ‘কাঠামোগত সংস্কারের জন্য উদ্ভাবন, ভ্যালু চেইন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য উদ্ভাবনী বাস্তুতন্ত্র গড়ে তোলা, বৈশ্বিক মূল্যশৃঙ্খল (জিভিসি) শক্তিশালী করা এবং কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারত্ব গড়ে তোলা জরুরি। অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সমন্বিত প্রণোদনা কাঠামোগত সংস্কারকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচক হিসেবে ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক এম ওমর ফারুক বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতিতে বৈশ্বিক মূল্যশৃঙ্খলে কার্যকরভাবে যুক্ত হতে হলে মূল্য সৃষ্টি, মূল্য আহরণ ও মূল্য বণ্টন সম্পর্কে আরও গভীর উপলব্ধি প্রয়োজন। তিনি বলেন, পদ্ধতিগত সংস্কারের জন্য সিস্টেম থিঙ্কিং, সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় আন্তবিষয়ক দৃষ্টিভঙ্গির বিকাশ অপরিহার্য।

নেক্সাস সিরিজের আহ্বায়ক অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রচলিত প্রবৃদ্ধির মডেল তার কাঠামোগত সীমায় পৌঁছে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উদ্ভাবনী ও পরিমাপযোগ্য সমাধানের মাধ্যমে সরকার, শিল্প খাত ও একাডেমিয়াকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস এম রিজওয়ান খান এবং বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সালমা করিম গবেষণাভিত্তিক নীতি সংলাপকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Read full story at source