পারিবারিক সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে ‘নন্দিত নরকে’
· Prothom Alo

গত ২২ জুন, বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজ চত্বর বনমায়ায় এক ভিন্নমাত্রার আবেগ, চিন্তা ও স্মৃতির মিলন ঘটে। ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত পাঠচক্র। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কথাশিল্পী হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘নন্দিত নরকে’। একই সঙ্গে বাবা দিবস উপলক্ষে ছিল বিশেষ স্মৃতিচারণা পর্ব, যেখানে বন্ধুরা তাঁদের বাবাকে নিয়ে অনুভূতি, না–বলা কথা ও বিশেষ ঘটনার স্মৃতিচারণা করেন।
Visit asg-reflektory.pl for more information.
পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয় আয়োজন। পাঠ আলোচনায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা বলেন, ‘“নন্দিত নরকে” শুধু একটি উপন্যাস নয়, এটি হুমায়ূন আহমেদের সাহিত্যজীবনের সূচনা। ১৯৭২ সালে লেখা এই উপন্যাসটি বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের জন্ম দেয়।’ তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন লেখা এই পাণ্ডুলিপি সাহিত্যিক আহমদ ছফার দৃষ্টি আকর্ষণ করে, যাঁর মাধ্যমে বইটি প্রকাশের পথ উন্মুক্ত হয়।
মূল আলোচনা পর্বে উপন্যাসের চরিত্র খোকা, রাবেয়া, মন্টু, বাবা, মা, মাস্টার সাহেব ও শফিকে কেন্দ্র করে উঠে আসে মধ্যবিত্তের জীবনের বাস্তবতা ও সংগ্রামের চিত্র। আলোচনায় বিশেষভাবে স্থান পায় রাবেয়ার করুণ পরিণতি, তার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ‘সম্মান’ রক্ষার নামে নেওয়া নির্মম সিদ্ধান্ত। অংশগ্রহণকারীরা মত দেন, এই উপন্যাস শুধু গল্প নয়; বরং সমাজের নীরব বাস্তবতা ও মানবিক জটিলতার প্রতিচ্ছবি। বইটি পারিবারিক সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে। রাবেয়ার চরিত্র মানবিকতার প্রশ্নকে গভীরভাবে নাড়া দেয়।
বাবাকে নিয়ে স্মৃতিচারণা পর্বে বন্ধুরা তাঁদের বাবার সঙ্গে কাটানো স্মৃতি, ত্যাগ, ভালোবাসা ও নীরব সংগ্রামের গল্প শেয়ার করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ বলেন, বাবার কঠোরতা আসলে ছিল নিঃশব্দ ভালোবাসারই প্রকাশ। পুরো পরিবেশ এক গভীর আবেগ ও শ্রদ্ধার নীরবতায় ভরে ওঠে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজ চত্বর বনমায়ায় ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রের আসর।অর্থ সম্পাদক রিজভী আমিন বলেন, ‘শৈশবে বাবারা যেভাবে আমাদের আগলে রাখেন, বড় হওয়ার পর আমাদেরও উচিত তাঁদের পাশে থাকা। তাঁদের বার্ধক্য যেন একাকিত্বে না কাটে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সহসভাপতি ইশরাত জাহান, সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, প্রচার সম্পাদক কাফিল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, কার্যনির্বাহী সদস্য মাহিয়া তাবাসসুম, শাফি মাহমুদসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা