মেটার অংশীদারত্বে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি চালু করল লাইটক্যাসল পার্টনার্স
· Prothom Alo

এআই ও ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, নতুন বাজারে প্রবেশে সহায়তা করতে মেটার অংশীদারত্বে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি চালু করেছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স। বাংলাদেশে এই কর্মসূচির আওতায় কর্মশালা প্রদান ও অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। এতে উদ্যোক্তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নতুন গ্রাহক সৃষ্টি করতে সক্ষম হবেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লাইটক্যাসল পার্টনার্স।
Visit extonnews.click for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের আওতায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মেটার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও এআই–চালিত টুল ব্যবহারের ওপর হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের ফলে উদ্যোক্তারা নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানো ও বিপণন কার্যক্রম আরও জোরদার করতে পারবেন।
মেটার অ্যাসোসিয়েট পাবলিক পলিসি ম্যানেজার তেহারা পাঞ্চিহেওয়া বলেন, ‘মেটাতে আমরা দেখতে পাই, ছোট ব্যবসাগুলো কীভাবে আমাদের এআই–চালিত টুল ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যবসা সম্প্রসারণ করছে। ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমির লক্ষ্য আরও বেশি উদ্যোক্তাকে এসব টুল আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও সহায়তা দেওয়া। এর মাধ্যমে তারা আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং ডিজিটাল অর্থনীতিকেন্দ্রিক নতুন সুযোগগুলো কাজে লাগাতে পারবে।’
ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি এশিয়া-প্রশান্ত অঞ্চলের ১২টি দেশে পরিচালিত হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ১০ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করা। প্রতিটি দেশের স্থানীয় বাজারের চাহিদা ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, ‘আমাদের অংশীদারত্বমূলক উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি উদ্যোক্তাকে প্রয়োজনীয় পরামর্শ, গভীর দৃষ্টিভঙ্গি তৈরি এবং কাঠামোগত সহায়তা দেওয়া, যাতে তারা প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তুলতে পারে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।’