দমদমিয়া আলোর পাঠশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
· Prothom Alo
গত ৬ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দমদমিয়া আলোর পাঠশালায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। ২২শে শ্রাবণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে। শুরুতেই কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
Visit palladian.co.za for more information.
পরবর্তীতে আয়োজিত হয় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিযোগিতা শেষে ‘কবিগুরু ও বাংলা সাহিত্য’ শীর্ষক এক বিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নুর (কবিগুরুর শিশুতোষ কবিতা নিয়ে), সহকারী শিক্ষক মো. জোনায়েদ (ছোট গল্প), রবিউল আলম (নোবেলবিজয়ী গীতাঞ্জলি কাব্য) এবং আমান উল্লাহ (রবীন্দ্রসংগীত)।
প্রধান আলোচকের বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, ‘১৯৪১ সালের এই দিনে বাংলা সাহিত্যের সূর্য অস্তমিত হয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমাদের গর্ব ও প্রেরণার উৎস। সাহিত্য, গান, শিক্ষা ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান অনন্য।' তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা ও বাঙালির জাতীয় জীবনে রবীন্দ্রনাথের প্রভাবের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে উপস্থাপিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।