শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। ফলে কোম্পানিটির উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন। তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেক হয় এআই চ্যাটবট ক্লডের মূল এই কোম্পানির। খবর বিবিসির।

Visit moryak.biz for more information.

প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে।

শেয়ারবাজারে লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রাথমিক মূল্য ৮৩ ডলার ছাড়িয়ে যায়। তবে আগামী কয়েক মাস অ্যানথ্রপিককে বিনিয়োগকারীদের পরীক্ষার–নিরীক্ষার মধ্যে থাকতে হবে। এআই নিয়ে এখন বড় প্রশ্ন হলো এই প্রযুক্তির পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করে শেষ পর্যন্ত কতটা মুনাফা পাওয়া যাবে।

লেনদেনের প্রথম কয়েক ঘণ্টাতেই অ্যানথ্রপিকের শেয়ারের দামে ওঠা–নামা দেখা যায়। শুরুতে দাম বেড়ে ১১১ ডলার ৫৩ সেন্টে ওঠে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারে ওঠে। তবে দিন শেষে শেয়ারের দাম কমে দাঁড়ায় ৯৭ ডলার ১৭ সেন্টে। শেয়ারের এই ওঠা–নামা থেকে বোঝা যায়, এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আছে।

কিছু বিনিয়োগকারীর মতে, প্রথম দিনের লেনদেন সফল হয়েছে। দিন শেষে অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিক প্রযুক্তি খাতের চিত্র ছিল ভিন্ন। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক দিন শেষে প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯ শতাংশ। অ্যামাজনের শেয়ারের দাম কমেছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

এআই প্রযুক্তির বিকাশে অবকাঠামো নির্মাণে যে বিনিয়োগ হচ্ছে, তা প্রযুক্তির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল উদ্যোগ। গত এক বছরেই কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি এ খাতে ১ লাখ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। দ্রুত বিনিয়োগ সম্প্রসারণের ফলে এআই খাত নিয়ে আশার বুদ্বুদ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সালফোর্ডের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, সবচেয়ে বড় বিনিয়োগের দিনেই সাধারণত আর্থিক বুদ্বুদ ফেটে যায় না। ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক প্রত্যাশা যখন প্রশ্নের মুখে পড়ে, তখনই বুদ্বুদ ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

এআই প্রযুক্তির ধারণা নতুন নয়। কয়েক দশক ধরেই এ নিয়ে কাজ চলছে। তবে উন্নত কম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্রাংশের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি তথ্য দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। ফলে তৈরি হয়েছে এমন এআই চ্যাটবট, যা মানুষের ভাষায় কথা বলতে পারে। একই সঙ্গে সফটওয়্যারের কোড লেখা, ডিজিটাল ছবি তৈরি ও ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের কাজও দ্রুত করতে পারে।

কম্পিউটার ব্যবহারের এই নতুন পদ্ধতির ওপর ভর করেই দ্রুত এগিয়েছে অ্যানথ্রপিক। মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন এআই খাতের পরিচিত নাম। তাদের তৈরি ক্লড চ্যাটবটও বেশ জনপ্রিয়।

প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান কুইল্টার শেভিয়টের প্রযুক্তি গবেষণাপ্রধান বেন ব্যারিঙ্গারের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম বিশুদ্ধ এআই কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের শেয়ারের দামে সামনে বড় ধরনের উত্থান–পতন দেখা যেতে পারে। তাঁর ধারণা, প্রাথমিক বিনিয়োগ-উচ্ছ্বাস একসময় কমে আসবে।

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের উদাহরণ টেনেছেন ব্যারিঙ্গার। প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছিল। এতে স্পেসএক্সের বাজারমূল্য রেকর্ড ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছায়; কিন্তু এক মাসের মধ্যে শেয়ারের দাম প্রাথমিক লেনদেনমূল্যের নিচে নেমে যায়। এরপর থেকে বেশির ভাগ সময়ই দাম আরও কমেছে।

উদ্যোক্তাদের পোয়াবারো
প্রথম দিনেই শেয়ারের দিন বেড়ে যাওয়ায় অ্যানথ্রপিকের প্রতিষ্ঠাতা ও সহপ্রতিষ্ঠাতাদের এখন পোয়াবারো। প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ও তাঁর ছয় সহপ্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩০০ কোটি ডলার। গড়ে প্রত্যেকের সম্পদ প্রায় ২ হাজার ৩৩০ কোটি ডলার। খবর ফোর্বস।

অ্যানথ্রপিকের প্রাথমিক তিন বিনিয়োগকারী এরিক স্মিট, হুসেইন সাজওয়ানি ও জান তালিনের সম্পদও সম্মিলিতভাবে বেড়েছে ১ হাজার ৪৪০ কোটি ডলার।

অ্যানথ্রপিকের মূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের শুরু থেকেই উচ্চাশা ছিল। ২০২১ সালে ওপেনএআইয়ের সাত কর্মী মিলে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। গত মে মাসে কোম্পানিটির সর্বশেষ বেসরকারি বিনিয়োগ পর্বে প্রতিটি শেয়ারের দাম (শেয়ার বিভাজনের সমন্বয়ের পর) ধরা হয়েছিল ৫৮ ডলার ৯০ সেন্ট। তখন অ্যানথ্রপিকের মূল্যায়ন ছিল ৯৬ হাজার ৫০০ কোটি ডলার।

কয়েকজন বিনিয়োগকারীর আশা ছিল, আইপিওর সময় কোম্পানিটির মূল্যায়ন ২ লাখ কোটি ডলারে পৌঁছাবে। তবে গত এক মাসে প্রযুক্তি কোম্পানির শেয়ারের দরপতনে সেই প্রত্যাশায় ভাটা পড়ে। গত সপ্তাহে অ্যানথ্রপিক জানায়, আইপিওতে শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখবে। এতে কোম্পানিটির সম্ভাব্য মূল্যায়ন দাঁড়াত ১ লাখ ৩০ হাজার কোটি থেকে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার। শেষ পর্যন্ত শেয়ারের দাম নির্ধারণ করা হয় ৮৩ ডলার।

Read full story at source