গান-কবিতা-নৃত্যে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন রাজবাড়ীতে

· Prothom Alo

কয়েক দিনের বৈরী আবহাওয়া পেরিয়ে আকাশে দেখা দিয়েছে সোনালি রোদের ঝিলিক। এমন স্নিগ্ধ পরিবেশে ২৪ নভেম্বর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ভরে ওঠে গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর প্রাণের উচ্ছ্বাসে।

Visit betsport24.es for more information.

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী বন্ধুসভা। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক।

বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার বন্ধু রাজ্জাকুল আলম রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ এবং মুক্ত আনন্দ রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও বন্ধুসভার বন্ধু অজয় দাস তালুকদার।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার সুজয় কুমার সাহা, রাজবাড়ী গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, বন্ধুসভার সদস্য, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান প্রথম আলোর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং ইতিবাচক বাংলাদেশ গড়তে প্রথম আলো শুরু থেকেই কাজ করে যাচ্ছে। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রতিদিন নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে পত্রিকাটি। দেশের উন্নয়নের পাশাপাশি দেশকে সঠিক পথে এগিয়ে নিতেও প্রথম আলো ভূমিকা রাখছে।

অধ্যাপক রেজভী জামান আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং সংস্কৃতি অঙ্গনের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসার কাজও করছে পত্রিকাটি। সব বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অটল থেকেছে প্রথম আলো।

রাজবাড়ীতে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা

রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির বলেন, প্রথম আলো শুধু তাঁর নয়, তাঁর পরিবারেরও প্রিয় পত্রিকা। প্রথম আলোর প্রকাশনার প্রথম সংখ্যাটি এখনো তিনি নিজের বাসায় যত্ন করে রেখে দিয়েছেন। দায়িত্বশীলতার জায়গা থেকে সাহসের সঙ্গে সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি। এ জন্য এলাকার জনকল্যাণে গুরুত্বপূর্ণ সংবাদ আরও বেশি প্রকাশের প্রত্যাশা করেন তিনি।

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল কুদ্দুস বাবু বলেন, প্রথম আলো দেশের শীর্ষস্থানীয় পত্রিকা। নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহসী সংবাদ পরিবেশনের কারণে পাঠকপ্রিয়তায় পত্রিকাটি এখনো শীর্ষস্থান ধরে রেখেছে।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও বন্ধুসভার বন্ধু রাজ্জাকুল আলম এবং বন্ধুসভার বন্ধু মোহনা। গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু দীঘি রায়। নৃত্য পরিবেশন করেন অপরূপা কুণ্ডু।

Read full story at source